ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি

আনুষ্ঠানিক শীতের আগেই ব্রিটেনে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৫ ডিগ্রিতে

আনুষ্ঠানিক শীতের আগেই ব্রিটেনে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৫ ডিগ্রিতে

ভয়েস অব পিপল রিপোর্ট, ১১ নভেম্বর :

শীতের আনুষ্ঠানিক তীব্রতা শুরু হওয়ার আগেই যুক্তরাজ্যে জেঁকে বসতে যাচ্ছে তীব্র ঠান্ডা। চলতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা শূন্যের নিচে নেমে যেতে পারে। কোথাও কোথাও বিশেষ করে গ্রামাঞ্চলে রাতের তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নামার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

মেট অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর দিক থেকে আসা শীতল মেরু অঞ্চলের বাতাসের প্রভাবে যুক্তরাজ্যের তাপমাত্রা দ্রুত কমবে। বৃহস্পতিবার ও শুক্রবার দেশের উত্তরাঞ্চলে ঠান্ডা বাতাস এবং দমকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে অনেক এলাকায় আকাশ পরিষ্কার থাকলেও রাতে তুষারপাতের মতো সাদা বরফের আস্তরণ বা ফ্রস্ট জমতে পারে। বিশেষ করে খোলা মাঠ, গাড়ির কাচ এবং রাস্তার ওপর সকালে বরফ জমার আশঙ্কা থাকায় চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তর-পশ্চিম ও দক্ষিণ ইংল্যান্ডের গ্রামাঞ্চল, দক্ষিণ স্কটল্যান্ড, দক্ষিণ-পশ্চিম ও মধ্য ওয়েলস এবং মিডল্যান্ডস অঞ্চলে তাপমাত্রা সবচেয়ে বেশি কমতে পারে। স্কটিশ হাইল্যান্ডসের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকলেও দেশের অধিকাংশ এলাকায় তুষারের পরিবর্তে তীব্র ঠান্ডা ও রাতের ফ্রস্টই প্রধান উদ্বেগের বিষয়।

এদিকে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকেএইচএসএ চলতি শীত মৌসুমের প্রথম ‘কোল্ড হেলথ অ্যালার্ট’ জারি করেছে। উত্তর-পশ্চিম ইংল্যান্ড ও ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত হলুদ সতর্কতা কার্যকর থাকবে। ঠান্ডার কারণে স্বাস্থ্য ও পরিচর্যা সেবার ওপর চাপ বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ৬৫ বছরের বেশি বয়সী মানুষ এবং হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা ঠান্ডায় বেশি ঝুঁকিতে থাকেন। তাই বয়স্ক ও অসুস্থ স্বজন, প্রতিবেশী এবং একা বসবাসকারী মানুষের খোঁজখবর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ঘর যথাসম্ভব উষ্ণ রাখা এবং বাইরে বের হলে গরম পোশাক পরার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

তবে এই ঠান্ডা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। রোববার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং আগামী সপ্তাহে আবহাওয়া তুলনামূলক উষ্ণ হতে পারে।

লন্ডনসহ দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে মাইনাস ৫ ডিগ্রি তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়নি। এই মাত্রার তাপমাত্রা মূলত দেশের কিছু শীতপ্রবণ গ্রামাঞ্চলে বিচ্ছিন্নভাবে দেখা যেতে পারে। তবে লন্ডনেও রাত ও ভোরের ঠান্ডা এবং ফ্রস্টের সম্ভাবনা থাকায় সতর্ক থাকা প্রয়োজন।