একক সরকার গঠনের ম্যাজিক ফিগার ছাড়াল বিএনপি : প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

 একক সরকার গঠনের ম্যাজিক ফিগার ছাড়াল বিএনপি : প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ভয়েস অব পিপল ডেস্ক, ১২ ফেব্রুয়ারি: 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে এককভাবে সরকার গঠনের প্রয়োজনীয় আসনসংখ্যা অতিক্রম করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) লন্ডন সময় রাত ১০:৪৭ পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী (সরাসরি লাইভ টিভিতে সম্প্রচারিত) বিএনপি জোট ২০১টি আসনে জয়লাভ করেছে। আর জামায়াত জোট পেয়েছে ৬৯টি আসন, অন্যান্যরা ৫টি আসন।

জাতীয় সংসদের ৩০০টি সাধারণ আসনের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কোনো দলকে ন্যূনতম ১৫১টি আসনে জয়ী হতে হয়। অর্থাৎ অর্ধেকের বেশি, ১৫০+১ আসন অর্জনই একক সরকার গঠনের জন্য অপরিহার্য। সর্বশেষ ফল অনুযায়ী বিএনপি সেই সীমা অতিক্রম করায় জোট ছাড়াই সরকার গঠনের সাংবিধানিক যোগ্যতা অর্জন করেছে।

জাতীয় সংসদে মোট আসন সংখ্যা ৩৫০টি। এর মধ্যে ৩০০টি সাধারণ আসনে সরাসরি ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বাকি ৫০টি সংরক্ষিত নারী আসন। সাধারণ আসনে জয়ী দলগুলোর প্রাপ্ত আসনের অনুপাত অনুযায়ী এই ৫০টি নারী আসন বণ্টন করা হয়।

এবারের নির্বাচনে ২৯৯টি সাধারণ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত রাখা হয়।

এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ভোট শেষ হলে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারের নির্বাচনেই সর্বাধিক রাজনৈতিক দল অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫০টি রাজনৈতিক দল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এ নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী ছিলেন ৮০ জন। নির্বাচন কমিশন এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দিয়েছে।

উল্লেখ্য, কোনো দল এককভাবে ১৫১টি আসন না পেলে জোট গঠনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠার বিধান রয়েছে। তবে প্রাথমিক ফলাফলে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা দেশের রাজনীতিতে নতুন বাস্তবতা ও সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।