ভোটের রায়ে উল্টে গেল হিসাব, হেরে গেলেন মাঠ কাঁপানো নেতারা
ভয়েস অব পিপল ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল ঘোষণার পর দেশের রাজনীতিতে বড় আলোচনার জন্ম দিয়েছে একাধিক প্রভাবশালী ও আলোচিত নেতার পরাজয়। নির্বাচনী মাঠে দাপট দেখানো, প্রচারণায় সক্রিয় ও পরিচিত মুখ হয়েও জনগণের রায়ে পরাজিত হয়েছেন জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতা, বিএনপি, এনসিপি ও ইসলামী আন্দোলনের কয়েকজন হেভিওয়েট প্রার্থী।
জামায়াতে ইসলামীর পরাজিত শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও আলোচিত আইনজীবী শিশির মনির।
খুলনা-৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। তবে বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। প্রায় তিন হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন জামায়াতের এই শীর্ষ নেতা।
কক্সবাজার-২ আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৬৩৪ ভোট। বিপরীতে বিএনপির প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৫ হাজার ২৬২ ভোট পেয়ে জয়ী হন। এ আসনে ভোট ব্যবধান দাঁড়ায় প্রায় ২৮ হাজার।
সুনামগঞ্জ-২ আসনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে ৭৪ হাজার ২৮৯ ভোট পেয়ে জয়ী হন। এখানে ভোটের ব্যবধান ছিল প্রায় ৩৯ হাজার।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন পরাজিত হয়েছেন জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের কাছে। দাঁড়িপাল্লা প্রতীকে নুরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬১৩ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীকে হারুনুর রশীদ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৯৭ ভোট।
পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে পরাজিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। এ আসনে তিনি প্রায় ৮ হাজার ভোটের ব্যবধানে হেরে যান।
অন্যদিকে বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ফয়জুল করীম পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থী মজিবুর রহমান সরোয়ারের কাছে।
সব মিলিয়ে এবারের নির্বাচনে একাধিক মাঠ কাঁপানো ও পরিচিত নেতার পরাজয় ভোটের রাজনীতিতে নতুন বাস্তবতা ও সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।