ব্রিস্টল মিউজিয়াম থেকে উপনিবেশ আমলের ছয় শতাধিক নিদর্শন চুরি !

ব্রিস্টল মিউজিয়াম থেকে উপনিবেশ আমলের ছয় শতাধিক নিদর্শন চুরি !

এভাবেই চার চোর যায় চলে

লন্ডন, ১৩ ডিসেম্বর : দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টল মিউজিয়ামের একটি সংরক্ষণাগার থেকে বৃটিশ উপনিবেশ আমলের ছয় শতাধিক মূল্যবান নিদর্শন চুরি হয়েছে। ঘটনাটি ঘটে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর ভোরে, তবে পুলিশ দুই মাস পর বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ করে জনসাধারণের সহায়তা চেয়েছে।

অ্যাভন ও সামারসেট পুলিশ চারজন সন্দেহভাজনের ছবি প্রকাশ করে জানিয়েছে, তারা ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করছিল এবং তদন্তের স্বার্থে তাদের সঙ্গে কথা বলা জরুরি।

ব্রিস্টল সিটি কাউন্সিল জানায়, চুরি হওয়া সামগ্রীর তালিকায় রয়েছে পদক, ব্যাজ, অলঙ্কার, হাতির দাঁতের কাজ, রুপার জিনিস, ব্রোঞ্জ মূর্তি ও ভূতাত্ত্বিক নমুনা—যার অনেকগুলোই ছিল দানকৃত। কাউন্সিলের সংস্কৃতি বিভাগের প্রধান ফিলিপ ওয়াকার বলেন, এসব নিদর্শন ব্রিটিশ উপনিবেশিক শাসনের দুই শত বছরের ইতিহাস বহন করে।

তদন্ত কর্মকর্তা ড্যান বারগান ঘটনাটিকে শহরের জন্য “গুরুত্বপূর্ণ ক্ষতি” হিসেবে উল্লেখ করে বলেন, জনগণের সহযোগিতা ছাড়া এই চুরির সম্পূর্ণ রহস্য উদঘাটন করা কঠিন হবে।

ব্রিস্টলের ইতিহাস আটলান্টিক দাসব্যবসার সঙ্গে গভীরভাবে জড়িত। ১৮০৭ সালের আগে এখানকার জাহাজ প্রায় অর্ধ মিলিয়ন আফ্রিকানকে জোরপূর্বক দাস হিসেবে পরিবহন করেছিল। এই ইতিহাসের বহু চিহ্নই মিউজিয়ামের সংগ্রহে সংরক্ষিত ছিল।

২০২০ সালের বর্ণবাদবিরোধী আন্দোলনে দাসব্যবসায়ী এডওয়ার্ড কলস্টনের মূর্তি ভেঙে নদীতে ফেলে দেওয়া হলে ব্রিস্টল আবারও বৈশ্বিক আলোচনায় উঠে আসে। পরে মূর্তিটি উদ্ধার করে স্থানীয় মিউজিয়ামে স্থান দেওয়া হয়।

পুলিশ আশা করছে, জনসাধারণের সহযোগিতা পেলে চুরি হওয়া ঐতিহাসিক সম্পদ উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার সম্ভব হবে।