৩১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস আবারও ইরানে গ্রেপ্তার

৩১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস আবারও ইরানে গ্রেপ্তার

বিশ্ব ডেস্ক, ১৩ ডিসেম্বর:  ইরানের সুপরিচিত মানবাধিকার আইনজীবী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মাদি, যাঁর বিরুদ্ধে মোট ৩১ বছরের কারাদণ্ড রয়েছে, তাঁকে আবারও গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার মাশহাদ শহরে নিহত আইনজীবী খোসরো আলিকোরদির স্মরণসভায় অংশ নেওয়ার সময় তাঁকে ‘হিংস্রভাবে’ আটক করা হয়েছে বলে জানিয়েছে প্যারিসভিত্তিক নার্গিস ফাউন্ডেশন

স্মরণসভায় নিরাপত্তা বাহিনী হানা দিয়ে নার্গিসসহ আরও কয়েকজন মানবাধিকার কর্মীকে আটক করে। ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত এই আইনজীবী গত দুই দশকের বেশিরভাগ সময়ই তেহরানের কুখ্যাত অ্যাভিন কারাগারে কাটিয়েছেন, যেখানে সাধারণত সমালোচক ও সরকারবিরোধীদের রাখা হয়।

২০২৪ সালের ডিসেম্বরে পায়ের অস্ত্রোপচারের পর তাঁর দণ্ড সাময়িকভাবে স্থগিত করা হলেও স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে তিনি আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার বিষয়ে সোচ্চার ছিলেন। টাইম ম্যাগাজিনে প্রকাশিত সাম্প্রতিক এক নিবন্ধে তিনি লিখেছেন—ইরানি জনগণের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, সেন্সরশিপ, গ্রেপ্তার ও নির্যাতন মানুষের স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে।

কারাগারে থাকা অবস্থায় নার্গিস নারী বন্দীদের ওপর যৌন সহিংসতা ও নির্যাতনের ব্যাপারে বহুবার অভিযোগ তুলেছেন। তবে ইরানি সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

উল্লেখ্য, ২০২৩ সালে তাঁর যমজ সন্তান কিয়ানা ও আলি অসলোতে মায়ের হয়ে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন। তাঁর স্বামী তাগি রাহমানিও দীর্ঘ ১৪ বছর রাজনৈতিক বন্দী ছিলেন।