ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশ
ঢাকা প্রতিনিধি, ১৪ ফেব্রুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি ফলাফল গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনের ফলাফল গেজেটে প্রকাশ করা হয়।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশজুড়ে ৪২,৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কাড়ে। নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোট দেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ার পর এবারই নির্বাচনে রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। নির্বাচনে মোট প্রার্থী ২,০২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১,৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এদিকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। বৈঠকে শপথ গ্রহণের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তটি সফলভাবে সম্পন্ন করতে প্রোটোকল, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সেবার বিষয়গুলো অগ্রাধিকার দিয়ে সব পরিকল্পনা সাজানো হয়েছে।