জাতীয় স্বার্থে সরকারের পাশে থাকার ঘোষণা জামায়াত আমীরের
ঢাকা প্রতিনিধি, ১৫ ফেব্রুয়ারি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান জানিয়েছেন, জাতীয় স্বার্থের প্রশ্নে তাঁর দল নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করবে। তবে আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে তাঁরা আপসহীন থাকবেন বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাসায় সৌজন্য সাক্ষাতে গেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা জানান জামায়াত আমীর।
“সংঘাত নয়, সংশোধনই লক্ষ্য”—জামায়াত আমীর
তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন,
“আমাদের উদ্দেশ্য সংঘাত নয় বরং সংশোধন; বাধা দেয়া নয় বরং পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংসদ প্রত্যাশা করে, যা ন্যায়বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সাথে রাষ্ট্রকে এগিয়ে নেবে।”
তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে সরকারের জনকল্যাণমূলক কাজে জামায়াতের সমর্থন থাকবে, তবে যেখানে জবাবদিহিতা প্রয়োজন হবে, সেখানে তাঁরা সোচ্চার থাকবেন।
তারেক রহমানের আগমনকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ
জামায়াত আমীর তাঁর পোস্টে জানান,
“তারেক রহমান আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন। তাঁর এ আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্বতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায় সূচনা করবে বলে আমি প্রত্যাশা করি।”
সহিংসতা রোধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস
ডা. শফিকুর রহমান জানান, আলোচনার সময় তারেক রহমান তাঁকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো হামলা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
সৌজন্য সাক্ষাতে দুই দলের শীর্ষ নেতারা
সাক্ষাতের সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
অন্যদিকে জামায়াত আমীরের সঙ্গে ছিলেন দলের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।