ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি

আন্তর্জাতিক সাহিত্য সংগঠন কলম একাডেমির রচনা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ

আন্তর্জাতিক সাহিত্য সংগঠন কলম একাডেমির রচনা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ

লন্ডন প্রতিনিধি : বিশ্বব্যাপী শাখা-প্রশাখা সম্বলিত আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘কলম একাডেমি’-এর উদ্যোগে আয়োজিত রচনা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে। “কুরআন, বাইবেল, ত্রিপিটক ও গীতার আলোকে দুর্নীতি দমন” শীর্ষক এ প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ছিলেন আমেরিকা প্রবাসী কলম একাডেমি আমেরিকা শাখার সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দেশপ্রেমিক হাসান আলী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের আলোকে দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশ-বিদেশের বহু লেখক, গবেষক ও সাহিত্যপ্রেমী এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় জমা পড়া রচনাগুলোর মধ্য থেকে বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে পাঁচজনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বিজয়ীরা হলেন—

শওকত আলম

সিদ্দিকুর রহমান নির্ঝর

শাহজালাল

কাজী আনোয়ার হোসেন

নীলা করিম

পূর্বঘোষণা অনুযায়ী বিজয়ী প্রত্যেককে ২ হাজার টাকা করে সম্মাননা পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার গ্রহণের জন্য নির্বাচিতদের আয়োজকদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

কলম একাডেমির পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল লেখক ও সাহিত্যপ্রেমীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে আয়োজকরা জানান, সাহিত্যচর্চা, সৃজনশীল লেখালেখি এবং মানবিক মূল্যবোধ বিকাশে উৎসাহ দিতে কলম একাডেমি নিয়মিতভাবে বিভিন্ন প্রতিযোগিতা, সম্মাননা ও পুরস্কার কর্মসূচির আয়োজন করে থাকে।

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অদূর ভবিষ্যতে আরও চারটি নতুন পুরস্কার কর্মসূচি ঘোষণা করা হবে, যা বিশ্বব্যাপী বাংলা ভাষা ও সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, কলম একাডেমি বিশ্বের বিভিন্ন দেশে সাহিত্যপ্রেমী ও লেখকদের নিয়ে কাজ করে আসছে এবং বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি পরিচালনা করে আসছে।