ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি
নাতজামাই এর নামাজে কসুর, থানায় অভিযোগ দিলেন নানা শ্বশুর
বিচিত্র খবর ডেস্ক, ১৬ নভেম্বর:
বরগুনায় নাতনি জামাইকে নামাজ পড়ার পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে থানায় লিখিত অভিযোগ করেছেন এক বৃদ্ধ নানা। অভিযোগ, নামাজ পড়তে বলায় ক্ষিপ্ত হয়ে তাঁর চলাচলের একমাত্র অবলম্বন হাঁটার লাঠি ভেঙে দিয়েছেন নাতনি জামাই। পাশাপাশি তাঁকে বিভিন্ন স্থানে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়েছে।
অভিযোগকারী বৃদ্ধের নাম মাওলানা সোহরাব হোসেন। অভিযুক্ত নাতনি জামাই মো. রব্বানী গাজী। তাঁদের দুজনের বাড়িই বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকায়।
সোহরাব হোসেনের অভিযোগ, গত বৃহস্পতিবার দুপুরে তিনি রব্বানী গাজীকে নামাজ পড়ার জন্য তাগিদ দেন। এতে ক্ষুব্ধ হয়ে রব্বানী তাঁর ব্যবহৃত হাঁটার লাঠিটি ভেঙে ফেলেন। পরে পথেঘাটেও তাঁকে গালিগালাজ করা হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
লাঠিটি ভেঙে দেওয়ায় এখন চলাফেরায় চরম অসুবিধায় পড়েছেন বৃদ্ধ সোহরাব হোসেন। একই সঙ্গে অভিযুক্তের আচরণে নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
এ ঘটনায় সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ জমা দিয়ে আইনি সহায়তা চেয়েছেন তিনি।
বরগুনা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইউনুস আলী ফরাজী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে কাউন্সেলিংয়ের মাধ্যমে সামাজিকভাবে বিরোধ নিষ্পত্তির সুযোগও বিবেচনা করা হবে।