বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের নির্বাচন সম্পন্ন
কমিউনিটি ডেস্ক: ‘বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে’র সাধারণ সভা ও ২০২৬-২০২৮ সেশনের নির্বাচন সোমবার পূর্ব লন্ডনের আল খায়ের ফাউন্ডেশন হলে আয়োজিত সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি আবু বক্করের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইস্ট লন্ডন মসজিদের ইমাম শায়খ আবুল হোসাইন খান। বিশেষ অতিথি ছিলেন ইস্ট লন্ডন মসজিদ অ্যান্ড লন্ডন মুসলিম সেন্টারের সাবেক চেয়ারম্যান আয়ুব খান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ এবং সমাজসেবী আব্দুল মালিক। এ সভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় ২০২৪-২০২৫ সেশনের সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন জেনারেল সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান। আর্থিক প্রতিবেদন তুলে ধরেন ট্রেজারার আহমেদ হুসাইন। প্রতিবেদনে সংগঠনের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শায়খ আবুল হোসাইন খান বলেন, সমাজসেবার মূল লক্ষ্য যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, তাহলে সেই উদ্যোগ মানুষের জন্য কল্যাণ বয়ে আনে। তিনি পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, সমাজের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে তাইসির মাহমুদ বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন হলে তা সমাজের কাছে গ্রহণযোগ্যতা পায় এবং নেতৃত্ব আরও দায়িত্বশীল হয়। তিনি আশা প্রকাশ করেন, বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে ভবিষ্যতেও সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি একটি ব্যতিক্রমধর্মী, সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
সাধারণ সভা শেষে ২০২৬-২০২৮ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন শায়খ আবুল হোসাইন খান, ইস্ট লন্ডন মসজিদ অ্যান্ড লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান আয়ুব খান এবং সমাজসেবী আব্দুল মালিক।
ভোটের মাধ্যমে মুহাম্মদ আখনু হুসাইনকে প্রেসিডেন্ট ঘোষণা করে ৯ সদস্যবিশিষ্ট এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত সদস্যরা হলেন— আব্দুল্লাহ আল মুনিম, আবু বক্কর, কয়েস আহমেদ, মুহাম্মদ আখনু হুসাইন, মুহাম্মদ আহমাদুল হক কাজল, মুহাম্মদ আব্দুল মজিদ, মুহাম্মদ বাবুল, নুরুজ্জামান জুনিয়র ও নুরুজ্জামান সিনিয়র।
অনুষ্ঠানে সংগঠনের নতুন তিন সদস্যকে সার্টিফিকেট প্রদান করা হয়। সভায় আরও জানানো হয়, নবগঠিত এক্সিকিউটিভ কমিটির সদস্যরা আলোচনার মাধ্যমে জেনারেল সেক্রেটারি ও ট্রেজারার নির্বাচন করবেন।