তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল

ব্রেক্সিটের ১০ বছর পর ইউরোপে ফেরার ডাক, ব্রিটেনের নতুন স্বপ্ন ‘Breturn’ !

ব্রেক্সিটের ১০ বছর পর ইউরোপে ফেরার ডাক, ব্রিটেনের নতুন স্বপ্ন ‘Breturn’ !
ব্রাসেলসে ইইউ–ব্রিটেন শীর্ষ বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।

ইউরোপ প্রতিনিধি, ২১ নভেম্বর:

ব্রেক্সিটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার ছয় বছর পর আবারও ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য। শুধু বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন নয়, ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্যপদে ফিরে যাওয়ার সম্ভাবনাও আলোচনায় আনছে দেশটির সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম নয়, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টিকে ‘ব্রিটার্ণ’ (Breturn) নামে অভিহিত করেছে। শব্দটি ব্রিটেন ও রিটার্নের সমন্বয়ে তৈরি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে সম্পর্ক পুনর্গঠনের নতুন উদ্যোগ ঘোষণা করেছেন। তাঁর লক্ষ্য, ব্রেক্সিটের পর বাণিজ্য, অর্থনীতি ও রাজনৈতিক সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছে, তা কমিয়ে আনা।

২০১৬ সালের গণভোটে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ৫২ শতাংশ এবং থাকার পক্ষে ৪৮ শতাংশ ব্রিটিশ ভোটার মত দিয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক বিতর্ক ও আলোচনার পর ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে ইইউ ছাড়ে যুক্তরাজ্য। কিন্তু বিচ্ছেদের পর বাণিজ্যিক জটিলতা, বিনিয়োগের দুর্বলতা ও অর্থনৈতিক ক্ষতির বিষয়গুলো নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

ব্রাসেলস বৈঠকে কী সিদ্ধান্ত হলো?

২০ নভেম্বর শুক্রবার ব্রাসেলসে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ পর্যায়ের বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়েছে।

প্রথমত, খাদ্য ও কৃষিপণ্যের বাণিজ্যে সীমান্ত পরীক্ষা ও কাগজপত্রের জটিলতা কমানো হবে। ব্রেক্সিটের পর ব্রিটিশ খাদ্য রপ্তানিকারকদের ইউরোপের বাজারে পণ্য পাঠাতে অতিরিক্ত নিয়মকানুন ও পরীক্ষা মোকাবিলা করতে হচ্ছে। নতুন সমঝোতা কার্যকর হলে এসব বাধা অনেকটাই কমবে।

দ্বিতীয়ত, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের কার্বন নিঃসরণ বাণিজ্যব্যবস্থাকে পরস্পরের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কার্বন নিঃসরণ বেশি হয় এমন পণ্য আমদানিতে ইউরোপের নতুন করের প্রভাব থেকে ব্রিটিশ শিল্পপ্রতিষ্ঠানগুলো কিছুটা সুরক্ষা পাবে।

তৃতীয়ত, দুই পক্ষের তরুণদের জন্য সীমিত সময়ের জন্য পরস্পরের দেশে বসবাস ও কাজ করার সুযোগ তৈরির পরিকল্পনা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, তরুণেরা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত অন্য পক্ষের দেশে থাকতে ও কাজ করতে পারবেন।

এ ছাড়া শিক্ষার্থী বিনিময় কর্মসূচি পুনরায় চালুর বিষয়েও আলোচনা হয়েছে। তবে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি কত হবে, সে বিষয়ে এখনো সমঝোতা হয়নি।

ব্রিটিশ সরকারের ধারণা, এসব চুক্তির ফলে দেশের অর্থনীতিতে অতিরিক্ত প্রায় ০.৪ শতাংশ প্রবৃদ্ধি যোগ হতে পারে।

ব্রেক্সিট নিয়ে নতুন করে ভাবছে ব্রিটেন

প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম মনে করেন, ব্রিটেনের ইউরোপীয় প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা প্রয়োজন। তাঁর বক্তব্য, ব্রেক্সিটের পর ব্রিটেন যতটা লাভবান হওয়ার প্রত্যাশা করেছিল, বাস্তবে ততটা হয়নি।

তিনি বলেছেন, গত এক দশকের দূরত্ব ও বিভক্তির অবসান ঘটিয়ে পুরোনো বন্ধুদের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে চায় ব্রিটেন।

বার্নহাম অবশ্য এখনই ইউরোপীয় ইউনিয়নে ফিরে যাওয়ার ঘোষণা দেননি। তিনি বলেছেন, ভবিষ্যৎ সম্পর্কের সব সম্ভাবনা পর্যালোচনা করা হবে। এর মধ্যে একক বাজারে যোগ দেওয়া, কাস্টমস ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়া কিংবা পূর্ণ সদস্যপদে ফিরে যাওয়ার বিষয়ও থাকতে পারে।

তবে বর্তমান সংসদের মেয়াদে লেবার পার্টির নির্বাচনী প্রতিশ্রুতির বাইরে গিয়ে বড় কোনো পরিবর্তন আনা হবে না। পরবর্তী জাতীয় নির্বাচন ২০২৯ সালের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা।

ব্রেক্সিটে অর্থনৈতিক ক্ষতি কতটা?

ব্রেক্সিটের অর্থনৈতিক প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওয়াশিংটন পোস্টের ২০ নভেম্বরের বিশ্লেষণে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের একটি গবেষণার উল্লেখ করে বলা হয়েছে, ২০২৫ সাল নাগাদ ব্রেক্সিটের কারণে ব্রিটেনের মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি) সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত কমে থাকতে পারে। একই সময়ে বিনিয়োগ কমেছে সর্বোচ্চ ১৮ শতাংশ।

অর্থনীতিবিদদের মতে, ইউরোপের সঙ্গে বাণিজ্যে নতুন বাধা, অতিরিক্ত কাগজপত্র, সীমান্ত পরীক্ষা এবং ব্যবসায়িক নিয়মের পার্থক্য ব্রিটিশ অর্থনীতির ওপর চাপ তৈরি করেছে।

বিশেষ করে খাদ্য, কৃষি ও শিল্পপণ্য রপ্তানিকারকেরা নতুন নিয়মের কারণে বাড়তি খরচের মুখে পড়েছেন। ইউরোপের বাজারে ব্যবসা করতে গিয়ে অনেক প্রতিষ্ঠানকে অতিরিক্ত প্রশাসনিক ব্যয় বহন করতে হচ্ছে।

ব্রিটেনের ব্যবসায়ী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এসব বাধা কমিয়ে ইউরোপের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দাবি জানিয়ে আসছে। 

অধিকাংশ ব্রিটিশ কি ব্রেক্সিটকে ভুল মনে করেন?

ব্রেক্সিট নিয়ে জনমতেও পরিবর্তন দেখা যাচ্ছে। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, এখন অধিকাংশ ব্রিটিশ নাগরিক মনে করেন, ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার সিদ্ধান্ত সঠিক ছিল না।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে ইউগভের জরিপের উল্লেখ করে বলা হয়েছে, ২০২২ সাল থেকেই অধিকাংশ উত্তরদাতা ব্রেক্সিটকে ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন।

ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের একটি জরিপে দেখা গেছে, ৭৫ শতাংশ ব্রিটিশ নাগরিক ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক চান। তবে পূর্ণ সদস্যপদে ফিরে যাওয়াকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন ৩৩ শতাংশ।

অর্থাৎ ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়ানোর পক্ষে জনসমর্থন থাকলেও সবাই যে আবার পূর্ণ সদস্যপদ চান, তা নয়।

বিরোধীদের আপত্তি, আবারও রাজনৈতিক বিভক্তির আশঙ্কা

ব্রিটেনের ইউরোপমুখী নতুন উদ্যোগ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো সমালোচনা শুরু করেছে।

রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের নামে ব্রিটিশ ভোটারদের সিদ্ধান্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে।

কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনকওক সরকারের এই উদ্যোগকে পেছনের দিকে ফিরে যাওয়া বলে সমালোচনা করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনও ব্রেক্সিট বিতর্ক নতুন করে শুরু করার বিরোধিতা করেছেন।

তাঁদের যুক্তি, ইউরোপীয় ইউনিয়নে ফিরে গেলে ব্রিটেনকে আবারও ইউরোপীয় নিয়মকানুন, সীমান্তনীতি ও আর্থিক দায়বদ্ধতার অনেক কিছু মেনে নিতে হবে। এতে জাতীয় সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা কমতে পারে।

অন্যদিকে লেবার পার্টির কয়েকজন জ্যেষ্ঠ নেতা আরও এক ধাপ এগিয়ে পরবর্তী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নে পুনরায় যোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়ন কি ব্রিটেনকে ফিরিয়ে নিতে প্রস্তুত?

ব্রিটেনের উদ্যোগকে স্বাগত জানালেও ইউরোপীয় ইউনিয়ন এখনই পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রতিশ্রুতি দেয়নি।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন বলেছেন, তরুণদের জন্য আরও সুযোগ, খাদ্যপণ্যের সহজ বাণিজ্য এবং অর্থনৈতিক নিরাপত্তায় সহযোগিতা বাড়ানো দুই পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ।

তবে ইউরোপীয় নেতাদের মধ্যে ব্রিটেনের অবস্থান নিয়ে কিছুটা সতর্কতা রয়েছে। কারণ, গত এক দশকে ব্রিটেনে একাধিকবার সরকার ও রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তিত হয়েছে। ফলে আজ যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ভবিষ্যতেও ব্রিটেন একই অবস্থানে থাকবে কি না, সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন নিশ্চিত হতে চায়।

পূর্ণ সদস্যপদে ফিরতে হলে ব্রিটেনকে কয়েকটি কঠিন বিষয়ও বিবেচনা করতে হবে। যেমন ইউরোপীয় ইউনিয়নের নিয়মকানুন মেনে চলা, আর্থিক অবদান রাখা এবং নাগরিকদের চলাচলের স্বাধীনতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া।

ব্রিটেন আবার ইউরো মুদ্রা গ্রহণ করতে চায় কি না, কিংবা ইউরোপের সীমান্তমুক্ত শেনজেন ব্যবস্থায় যুক্ত হবে কি না, সেসব প্রশ্নও রয়েছে।

তবে ডেনমার্ক ইউরো ব্যবহার না করেও ইইউর সদস্য এবং আয়ারল্যান্ড শেনজেনের বাইরে থেকেও সদস্যপদ ধরে রেখেছে। ফলে ব্রিটেনের জন্যও বিশেষ ব্যবস্থা নিয়ে আলোচনার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ব্রিটেনের সামনে নতুন ইউরোপীয় অধ্যায়?

ব্রেক্সিটের প্রায় এক দশক পর ব্রিটেন আবার ইউরোপের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের রাজনৈতিক বিতর্কে প্রবেশ করছে। তবে এবারের পরিস্থিতি ২০১৬ সালের তুলনায় আলাদা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্রের পরিবর্তিত বাণিজ্যনীতি, ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা ব্রিটেনকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করাচ্ছে।

বিশেষ করে ইউরোপের সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য ও অর্থনৈতিক নিরাপত্তায় সহযোগিতা বাড়ানো এখন উভয় পক্ষের স্বার্থের বিষয় হয়ে উঠেছে।

ভয়েস অব পিপল এর বিশ্লেষণ:

ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে ফিরে যাওয়ার আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে। তবে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হলো, একসময় যে বিষয়টি ব্রিটিশ রাজনীতিতে প্রায় নিষিদ্ধ আলোচনা ছিল, এখন সেটিই প্রকাশ্যে সরকারের নীতিগত আলোচনায় স্থান পেয়েছে। ব্রেক্সিটের ক্ষতি কাটাতে সম্পর্ক পুনর্গঠনের এই উদ্যোগ সফল হলে ব্রিটিশ অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও তরুণদের কর্মসংস্থানে নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে পূর্ণ সদস্যপদে ফেরা সহজ হবে না। ব্রিটিশ জনগণের সমর্থন, রাজনৈতিক ঐকমত্য এবং ইউরোপীয় ইউনিয়নের সম্মতি—তিনটিই প্রয়োজন হবে।