‘‘গল্পকাররা বিশ্ব শাসন করে’’

নির্ঝর এর ঝরঝরে অনুগল্প ।। ৫৮ ।। জীবন সত্যিই বড় বিচিত্র!

নির্ঝর এর ঝরঝরে অনুগল্প ।। ৫৮ ।। জীবন সত্যিই বড় বিচিত্র!

জীবন সত্যিই বড় বিচিত্র !

উৎসর্গ


দেশকে ভালোবেসেও যাঁরা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন

সেই সব স্বপ্নবাজ, সৎ ও আত্মমর্যাদাসম্পন্ন মানুষের প্রতি।

মাঝেমধ্যে টেমসের পাড়ে বসে অতীতের কথা ভাবেন পিয়াল রহমান

একসময় সিলেটের মানুষের কাছে লন্ডন ছিল স্বপ্নের আরেক নাম। লন্ডনে বিয়ে, লন্ডনে বসবাস, লন্ডনে নতুন জীবন—এসব নিয়ে অনেক পরিবারেরই ছিল প্রবল আগ্রহ। কিন্তু পিয়াল রহমানের বাবা-মা ছিলেন কিছুটা ব্যতিক্রম। মেয়েদের জন্য লন্ডন থেকে বিয়ের প্রস্তাব এলেও তাঁরা ফিরিয়ে দিতেন। তাঁদের ইচ্ছা ছিল, ছেলেমেয়েরা লেখাপড়া শিখে দেশে কিছু একটা করুক। নিজের মাটিতে দাঁড়িয়ে নিজেদের পরিচয় তৈরি করুক।

নব্বইয়ের দশকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পিয়ালের সামনেও এসেছিল লন্ডনে যাওয়ার সুযোগ। কিন্তু তখন তাঁর মাথায় অন্য চিন্তা। দেশকে বদলে দিতে হবে, সমাজের বৈষম্য দূর করতে হবে। রাজপথে দাঁড়িয়ে স্লোগান দিতেন, ‘শোষিত মানুষের জয় হোক।’ তাঁর কাছে লন্ডন ছিল প্রবাসীদের স্বপ্ন, আর বাংলাদেশ ছিল বিপ্লবের মাঠ।

ছাত্রজীবন শেষ দিকেই করে কর্মজীবনে প্রবেশ করলেন পিয়াল। পড়াশোনাও চালিয়ে গেলেন। ব্যাংকে চাকরি, স্কুল-কলেজে শিক্ষকতা, অধ্যাপনা, এমনকি ঢাকার একটি ফ্যাক্টরিতে ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন। পাশাপাশি ব্যবসা করার চেষ্টা করেছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের যোগ্যতা ও পরিশ্রম দিয়ে দাঁড়াতে চেয়েছেন। কিন্তু কোথাও যেন কিছুতেই হিসাব মিলছিল না। সব খুব কম সময়ে। সব স্বেচ্ছায় ছেড়েছেন।

পিয়াল ছিলেন অত্যন্ত সৎ, নীতিবান ও আত্মমর্যাদাবোধসম্পন্ন মানুষ। কিন্তু কর্মজীবনে পা দিয়েই বুঝতে শুরু করলেন, সততা নিয়ে এ সমাজে টিকে থাকা কত কঠিন!

ব্যাংকে এক ধরনের অনিয়ম, শিক্ষাপ্রতিষ্ঠানে দলাদলি ও স্বার্থের সংঘাত, ফ্যাক্টরিতে ক্ষমতার অপব্যবহার। ব্যবসায় বড় পুঁজির দাপট। অফিস-আদালতে সাধারণ মানুষের কাজ করাতে গেলেও অনেক সময় ঘুষের দাবি। কোথাও নিয়মের চেয়ে অনিয়মের কদর বেশি।

কেউ কেউ তাঁকে পরামর্শ দিতেন,
—পিয়াল সাহেব, এভাবে চললে হবে না। একটু মানিয়ে নিতে শিখুন। দেশটা তো এভাবেই চলে।

পিয়াল অবাক হয়ে তাকাতেন।
—মানিয়ে নেব মানে? অন্যায় দেখেও চুপ থাকব? নিজের কাজের জন্য ঘুষ দেব, আবার অন্যের কাছ থেকেও নেব? এটা আমার পক্ষে সম্ভব নয়।

চাকরির জায়গাতেও নানা অবৈধ সুবিধা দেওয়ার প্রস্তাব আসত। কেউ যেচে এসে বলতেন, এই কাজটা করে দিলে আপনারও কিছু লাভ হবে। কেউ আবার বোঝাতেন, সুযোগ যখন এসেছে, কাজে লাগান। পিয়াল প্রতিবারই সরে দাঁড়াতেন। শেষ পর্যন্ত একটার পর একটা চাকরি ছেড়ে দিতে হয়েছে তাঁকে।

বন্ধুরা বলতেন,
—আপনি আসলে চাকরি করতে জানেন না। পৃথিবীটা এত সহজ-সরল নয়।

পিয়াল মৃদু হেসে বলতেন,
—চাকরি করতে না জানলে সমস্যা নেই। কিন্তু অসৎ হতে শিখতে পারব না।

মোটরসাইকেল নিয়ে অফিসে যেতেন পিয়াল। যৌথ পরিবারকে সাহায্য করতেন কিছু। অথচ চাকরি করেও অনেক সময় মোটরসাইকেলের পেট্রল কেনার টাকা জোগাড় হতো না। মাস শেষে বেতনের হিসাব মেলাতে গিয়ে নিজের কাছেই প্রশ্ন জাগত, এত লেখাপড়া, এত পরিশ্রম, এত আদর্শ নিয়ে শেষ পর্যন্ত কী পেলেন?

একসময় ব্যবসা করার চেষ্টা করলেন। সেখানেও ছোট পুঁজি বড় পুঁজির কাছে বারবার পরাজিত হলো। ব্যাংকঋণ, প্রভাবশালীদের দাপট, অসাধু প্রতিযোগিতা—সব মিলিয়ে নিজের মতো করে দাঁড়ানোর পথ ক্রমেই সংকুচিত হয়ে এল।

এদিকে যাঁদের সঙ্গে একসময় রাজপথে সমাজ বদলের স্বপ্ন দেখেছিলেন, তাঁদের অনেককেই দেখা গেল নিজেদের অবস্থান বদলে ফেলেছেন। ক্ষমতার কাছাকাছি গিয়ে কেউ কেউ হয়ে উঠেছেন ক্ষমতাবানদের সহযোগী। রাজপথের বিপ্লবীরা কর্মজীবনে এসে সুবিধার হিসাব শিখেছেন। আর যাঁরা সত্যিকার অর্থে আদর্শ ধরে রাখতে চেয়েছেন, তাঁরা পড়ে থেকেছেন পেছনের সারিতে।

একদিন এক পুরোনো বন্ধু বলেছিলেন,
—পিয়াল, তুমি এত আদর্শ নিয়ে কী করবে? নিজের ভবিষ্যৎটা আগে দেখো। তুমি বরং ‘লন্ডনী কইন্যা’ বিয়ে করে লন্ডন চলে যাও।

পিয়াল উত্তর দিয়েছিলেন,
—নিজের ভবিষ্যৎ গড়তে গিয়ে যদি নিজের বিবেকটাই হারিয়ে ফেলি, তাহলে সেই ভবিষ্যৎ দিয়ে কী হবে? আর ‘লন্ডনী কইন্যা’ তো পাই, গত বছর আমার বদলে এক বন্ধুকে দেখিয়ে দিয়েছি এ ঘটককে। বন্ধু এখন লন্ডন চলে যাবে। 

পুরানো বন্ধুটি বলেছিল, তুমি সেই অতি সহজ আর সরল রয়ে গেলে এখনও। এভাবে কেউ সুযোগ হাতছাড়া করে? বোকা কোথাকার !

 

আসলেই বৈষয়িক দিক দিয়ে আজীবন বোকাই রয়ে গেলেন পিয়াল রহমান।

কিন্তু বিবেক দিয়ে তো সংসার চলে না। পকেটে টাকা না থাকলে আদর্শেরও পরীক্ষা দিতে হয়। একসময় পরিস্থিতি এমন দাঁড়াল, ভাত খাওয়ার টাকাটুকুও জোগাড় করা কঠিন হয়ে পড়ল।

সেদিনই যেন নিজের সঙ্গে নিজের বোঝাপড়া হয়ে গেল। দেশের প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু সেই ভালোবাসার নামে নিজের জীবনকে এভাবে নিঃশেষ করার কোনো মানে হয় না। আরও আগেই হয়তো দেশের মায়া, মায়ের মায়া ছেড়ে লন্ডনে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।

একবিংশ শতাব্দীর প্রথমার্ধে অবশেষে লন্ডনে এলেন পিয়াল।

তবে লন্ডনে এসেই যে তাঁর জীবনে সুখের জোয়ার এসেছিল, তা নয়। প্রথম দিকে কাউকে তেমন চিনতেন না। পরিচিত মানুষ নেই, মাথা গোঁজার স্থায়ী জায়গা নেই, হাতে পর্যাপ্ত টাকা নেই। কখনো কখনো অর্থাভাবে এক-দুই বেলাও না খেয়ে থাকতে হয়েছে। কারো সোয়ায়, কারো দোকান ঘরে থাকতে হয়েছে বাধ্য হয়ে এই শীতের দেশে। নতুন দেশে নতুন করে জীবন শুরু করা যে কত কঠিন, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন।

একদিন পরিচিত এক ক্লাসমেটের সঙ্গে দেখা। পুরোনো দিনের কথা উঠতেই বন্ধু বললেন,
—তুমি এতদিন কোথায় ছিলে? দেশে থেকে কী পেয়েছ? আরও আগেই তোমার লন্ডন আসা উচিত ছিল। ভিজিটে যখন এসই পড়েছো এবার এখানেই থেকে যাও। আর দয়া করে এত আদর্শ খুজতে যেও না। কোনরকম একটা বিয়ে করে ফেলো।

পিয়াল বললেন,

—দেশ ছেড়ে থাকা কি এত সহজ? মা, ভাইবোন, পরিবার, বন্ধু-বান্ধব, নিজের মাটি—সব ফেলে এসেছি। আর এসব মেয়েদের পরিবারের মা-বাবার যা ডিমান্ড, সেটা শুনলেই গা কাঁটা দিয়ে উঠে। কেউ দশ হাজার পাউন্ড মেয়ের একাউন্টে রাখতে বলে। এমন একেকজন মেয়ের জন্য যা ডিমান্ড করে, আসলে তো ঐ ধরনের মেয়েদের চালচলন আর সুরত আমার পছন্দই হয় না। শিল্প, সংস্কৃতি, সাহিত্য এসব থেকে দেখি অনেকেই অনেক দূরে। আমার তো বন্ধু মানবিক, সাহিত্যমনা, বড়মাপের মননশীল আর নরমমনা ‘কইন্যা’ দরকার। আচ্ছা এরা কি মেয়েকে বেচাকেনা করে বন্ধু? 

বন্ধু হেসে বললেন,
—দূর ব্যাটা, বেচাকেনা কেন? এরা সিকিউরিটি চায়। তুমি যেভাবে কনে চাইছো তাতে এ জীবনে এই লন্ডন শহরে মেয়ে যাবে বলে মনে হচ্ছে না বন্ধু। আরে ভাই, আমরা আছি না! নিজেকে একা ভাবছ কেন? আমিও তো বিয়ে করেই এসছি। চলছে তো। তবে তোমার ভাবী ঐ শিল্প, সাহিত্য এসব বুঝে না, খালি তলবি চায় সপ্তাহ শেষে। জীবনটা নতুন করে শুরু করো।

এভাবেই একে একে কয়েকজন পুরোনো ক্লাসমেট ও বন্ধুর সঙ্গে যোগাযোগ হলো। তাঁরা প্রায় জোর করেই পিয়ালকে লন্ডনে থেকে যাওয়ার সাহস জোগালেন। বন্ধুত্ব, সহযোগিতা আর নতুন পরিবেশ ধীরে ধীরে তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিল।

আজ পিয়ালের মনে হয়, জন্ম জন্মান্তর ধরে যেন এই বিলাতই তাঁর আপন ঘরদোর। যে শহরে একদিন কাউকে চিনতেন না, যে শহরে না খেয়ে রাত কাটাতে হয়েছে, সেই শহরই একসময় তাঁকে আপন করে নিয়েছে।

তবে ব্যক্তিগত জীবনেও পিয়ালের সংগ্রাম কম ছিল না। দেশে থাকতেই নিজের অতিরিক্ত সততা, নীতিবোধ ও আদর্শের কারণে মনের মতো জীবনসঙ্গী খুঁজে পেতে পারেননি। একজন স্বনামখ্যাত অধ্যাপক হয়েও বিয়ের ক্ষেত্রে বারবার হতাশ হতে হয়েছে। তাঁর কাছে বিয়ে মানে শুধু সামাজিক সম্পর্ক নয়; বিশ্বাস, সততা, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন।

লন্ডনে এসেও সেই অনুসন্ধান সহজ হয়নি। এখানেও সৎ, যোগ্য ও মনমানসিকতায় উপযুক্ত পাত্রী খুঁজতে তাঁকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। অবশেষে পেয়েছেন মনের মতো একজন মানুষকে। তিনি ইউরোপীয় নারী। সংস্কৃতি, ভাষা ও বেড়ে ওঠার পরিবেশ আলাদা হলেও দুজনের মধ্যে তৈরি হয়েছে গভীর আস্থা ও ভালোবাসার সম্পর্ক।

পিয়াল ধীরে ধীরে তাঁকে নিজের জীবনদর্শন, বিশ্বাস ও ধর্মীয় চিন্তাধারার সঙ্গে পরিচিত করেছেন। তিনি ধর্মগ্রন্থ পাঠ করেছেন, প্রশ্ন করেছেন, জেনেছেন এবং বোঝার চেষ্টা করেছেন। পিয়ালও সময় নিয়ে তাঁকে জীবনের উদ্দেশ্য, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এবং মানুষের চূড়ান্ত গন্তব্য সম্পর্কে নিজের উপলব্ধির কথা বুঝিয়েছেন।

কোনো চাপ বা বাধ্যবাধকতা নয়, দীর্ঘদিনের জানাশোনা, অধ্যয়ন ও নিজস্ব উপলব্ধির মধ্য দিয়ে একসময় তিনি পিয়ালের ধর্ম ও সেই ধর্মের অনুসারী হিসেবে পিয়ালের জীবনাচরণের প্রতি আস্থাশীল হন। নিজের বিশ্বাস ও বিবেচনা থেকে স্বেচ্ছায় আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন।

আজও দুজনের সংসার চলছে গভীর ভালোবাসা ও বিশ্বস্ততার সঙ্গে। পিয়ালের কাছে এটিও জীবনের এক বিশেষ প্রাপ্তি। যে মানুষটি একসময় নিজের দেশে মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাননি, সেই মানুষটিই শেষ পর্যন্ত হাজার মাইল দূরের এক ভিন্ন সংস্কৃতির দেশে এসে খুঁজে পেয়েছেন তাঁর জীবনসঙ্গীকে।

কিন্তু পিয়ালের জীবনের গল্প শুধু নিজের ভাগ্য বদলের গল্প নয়। তাঁর ভেতরে বাস করে অন্যরকম এক মানুষ।

জীবনে প্রচুর লেখালেখি করেছেন তিনি। গল্প, উপন্যাস, গবেষণাগ্রন্থসহ প্রায় সত্তর-আশিটির মতো লেখা তৈরি হয়েছে তাঁর। সাহিত্য ও গবেষণার জগতে নিজের মতো করে একটি দীর্ঘ পথ তৈরি করেছেন। কখনো কখনো মনে হয়, দেশে থাকলে হয়তো বাংলা একাডেমি পুরস্কারসহ নানা সম্মাননা তাঁর ঝুলিতে জমা হতো। কিন্তু পিয়াল এসব নিয়ে খুব একটা ভাবেন না। তিনি অত্যন্ত নিভৃতচারী। প্রচারের আলোয় নিজেকে মেলে ধরার চেয়ে নিজের কাজ নিয়েই থাকতে পছন্দ করেন।

তাঁর কাছে মানুষের উপকার করাটাই বড় কথা।

লন্ডনে আসার পর নিজের থাকার জায়গা যখন অনিশ্চিত, তখনও বিপদে পড়া দেশি ভাইবোনদের ফিরিয়ে দেননি। নিজের ঘরে জায়গা না থাকলে মেঝেতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। নারী-পুরুষ নির্বিশেষে বিপদে পড়া মানুষকে সহযোগিতা করেছেন। অথচ এসবের বিনিময়ে কখনো কারও কাছ থেকে কোনো সুবিধা নেওয়ার কথা ভাবেননি। নারীদেরকে সব সময়ই সম্মান দিয়েছেন।

নিজের চাকরি নেই, অথচ দেশ থেকে নতুন আসা শিক্ষার্থীদের জন্য চাকরি খুঁজেছেন। পরিচিতজনদের ফোন করেছেন, বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন। কখনো নিজের প্রয়োজনের চেয়েও অন্যের প্রয়োজনকে বড় করে দেখেছেন।

একদিন এক পরিচিতজন অবাক হয়ে প্রশ্ন করেছিলেন,
—আপনার নিজেরই তো কাজ নেই। অন্যদের চাকরি খুঁজে দিতে এত দৌড়াদৌড়ি করেন কেন?

পিয়াল হেসে বলেছিলেন,
—আমি জানি, বিদেশের মাটিতে নতুন এসে একটা চাকরি না পেলে কেমন লাগে। সেই কষ্টটা যেন আরেকজনকে একা সহ্য করতে না হয়। আর আমি তো এ কাজ পারবো না। ওদের খুজে দিলে সমস্যা কি? এরা নতুন এসছে দেশ থেকে।

এমন মানুষদের হিসাব আসলে টাকা-পয়সা দিয়ে মাপা যায় না।

অথচ যে দেশে বছরের পর বছর সমাজ বদলের স্বপ্ন দেখেছেন, আজীবন থাকতে চেয়েছেন। আর যে দেশে আসতে একসময় রাজি ছিলেন না, সেই লন্ডনেই তিনি পেলেন জীবন গড়ার সুযোগ। মানুষের পাশে দাঁড়ানোর, তাঁদের সমস্যা শোনার এবং সেবা করার।

জীবনের সবচেয়ে বড় পরিহাস বোধহয় এখানেই!

তবু পিয়ালের মন থেকে বাংলাদেশ মুছে যায়নি। দেশের খবর পড়লে, কোনো মানুষের দুর্দশার কথা শুনলে, কোথাও অন্যায়-অবিচার দেখলে তাঁর মনটা আজও কেঁদে ওঠে। জন্মভূমির প্রতি ভালোবাসা কমেনি। বরং দূরত্ব যত বেড়েছে, দেশের জন্য মনটা তত বেশি পুড়েছে।

মাঝেমধ্যে টেমসের পাড়ে বসে অতীতের কথা ভাবেন পিয়াল। নদীর জল বয়ে যায়। দূরে লন্ডনের ব্যস্ত শহর। চারদিকে পরিচিত জীবনের কোলাহল। অথচ তাঁর মনের ভেতর ভেসে ওঠে সেই পুরোনো বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ের দিনগুলো, রাজপথের স্লোগান, মোটরসাইকেলের পেট্রল কেনার চিন্তা, একের পর এক চাকরি ছেড়ে আসা, মায়ের মুখ, আর নিজের মাটিতে কিছু একটা করার অপূর্ণ স্বপ্ন।

ভাবতে থাকেন, এভাবে দেশ থেকে প্রতিদিন কত শত পিয়াল বিদেশের পথে পাড়ি জমাচ্ছেন! কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ শিক্ষক, কেউ সাহিত্যিক, কেউ ব্যবসায়ী, কেউবা সাধারণ কোনো কর্মজীবী। তাঁদের অনেকেই হয়তো দেশে থাকতে চেয়েছিলেন। দেশের জন্য কিছু করতে চেয়েছিলেন। কিন্তু প্রতিনিয়ত অনিয়ম, দুর্নীতি, অবিচার আর অসহযোগিতার মুখোমুখি হয়ে একসময় চলে যেতে বাধ্য হয়েছেন।

দেশ কি তাঁদের ধরে রাখতে পারত না? কেন একজন সৎ মানুষকে প্রতিটি পদে পদে নিজের সততার জন্য লড়তে হবে? কেন যোগ্যতার চেয়ে তদবির, পরিশ্রমের চেয়ে তোষামোদ আর নীতির চেয়ে অনিয়ম বেশি মূল্য পাবে?

টেমসের পাড়ে বসে পিয়াল মনে মনে প্রশ্ন করেন,
—যে মানুষগুলো দেশকে ভালোবেসে দেশে থাকতে চেয়েছিল, তাঁদেরই যদি দেশ ধরে রাখতে না পারে, তাহলে দায়টা কার? এখন ভাবেন, কেন আজকের তরুণরা বিদেশে আসার জন্য এত পাগল হয়। এখন তো নিশ্চয়ই দেশের চাকরী বাকরির অবস্থা আরও তলানীতে গেছে আগের তুলনায়। লাখ লাখ শিক্ষিত বেকার। কেউ নেই দেখার। হতাশায় তরুণরা ঝুকছে ড্রাগের দিকে।

নদী বয়ে চলে। পিয়াল চুপ করে থাকেন।

যে দেশকে বদলে দেওয়ার স্বপ্নে যৌবনের সেরা সময়টুকু ব্যয় করেছিলেন, সেই দেশই তাঁকে নিজের মতো করে বাঁচার সুযোগ দেয়নি। আর যে দেশকে কখনো স্বপ্নের গন্তব্য ভাবেননি, সেই দেশই তাঁকে দিয়েছে সম্মান, পরিচয় ও মানুষের সেবা করার সুযোগ।

মায়ের মায়া ছেড়ে আসার কষ্ট আজও আছে। জন্মভূমির প্রতি টানও কমেনি। কিন্তু জীবনের অভিজ্ঞতা তাঁকে একটি কঠিন সত্য শিখিয়েছে—দেশকে ভালোবাসলেই দেশ সব সময় মানুষকে তাঁর যোগ্য জায়গাটি দেয় না।

পিয়াল দীর্ঘশ্বাস ফেলেন। মনে মনে ভাবেন, মানুষের জীবনটা সত্যিই অদ্ভুত! কখনো যে গন্তব্যকে প্রত্যাখ্যান করে, একদিন সেখানেই খুঁজে পায় নিজের ঠিকানা। আর যে মাটিকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, সেই মাটিই কখনো কখনো তাকে পরবাসী করে দেয়।

জীবন সত্যিই বড় বিচিত্র!

লন্ডন, ১৯ নভেম্বর ২০২৬।