তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল

নতুন বছরের শুরুতেই বিদ্যুৎ-গ্যাসের বড় ধাক্কা, বছরে বিল হতে পারে ২১৬৬ পাউন্ড

নতুন বছরের শুরুতেই বিদ্যুৎ-গ্যাসের বড় ধাক্কা, বছরে বিল হতে পারে ২১৬৬ পাউন্ড

ভয়েস অব পিপল রিপোর্ট, ১৯ নভেম্বর:

নতুন বছরের শুরুতেই ব্রিটেনের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও গ্যাসের বিল বড় ধরনের দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। আগামী জানুয়ারি থেকে গ্রেট ব্রিটেনে গৃহস্থালি জ্বালানির মূল্যসীমা প্রায় ২৬ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান কর্নওয়াল ইনসাইট। প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, একটি সাধারণ পরিবারের গ্যাস ও বিদ্যুতের সম্মিলিত বার্ষিক বিল ১ হাজার ৭২৩ পাউন্ড থেকে বেড়ে ২ হাজার ১৬৬ পাউন্ডে পৌঁছাতে পারে। অর্থাৎ বছরে অতিরিক্ত গুনতে হতে পারে ৪৪৩ পাউন্ড।

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৩ সালের পর জানুয়ারিতে জ্বালানির মূল্যসীমা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। মধ্যপ্রাচ্যের সংঘাত, গ্যাস সরবরাহে বিঘ্ন এবং আন্তর্জাতিক বাজারে পাইকারি জ্বালানির মূল্যবৃদ্ধি এর প্রধান কারণ।

জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শীতের কারণে ব্রিটেনের পরিবারগুলো এমনিতেই বেশি গ্যাস ও বিদ্যুৎ ব্যবহার করে। তার ওপর মূল্যসীমা বাড়লে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি আর্থিক চাপে পড়বে। বিশেষ করে পেনশনভোগী, একক অভিভাবক এবং বড় পরিবারের জন্য পরিস্থিতি কঠিন হতে পারে।

সরকারের সহায়তা কতটুকু?

সরকারের পক্ষ থেকে ইংল্যান্ডের কাউন্সিল ট্যাক্স ব্যান্ড এ থেকে ডি-তে থাকা প্রায় দুই কোটি পরিবারকে জানুয়ারিতে এককালীন ১০০ পাউন্ড জ্বালানি সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যোগ্য নিম্ন আয়ের পরিবারগুলো ১৫০ পাউন্ডের ওয়ার্ম হোম ডিসকাউন্ট পেতে পারে। তবে এই সহায়তা জ্বালানির সম্ভাব্য মূল্যবৃদ্ধির পুরো চাপ সামাল দিতে যথেষ্ট হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

চূড়ান্ত ঘোষণা ২৫ নভেম্বর

উল্লেখ্য, ২ হাজার ১৬৬ পাউন্ড কোনো পরিবারের নির্দিষ্ট বিল নয়। এটি নির্ধারিত পরিমাণ গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারকারী একটি সাধারণ দ্বৈত জ্বালানি পরিবারের সম্ভাব্য বার্ষিক ব্যয়ের হিসাব। প্রকৃত বিল নির্ভর করবে ব্যবহার, বসবাসের অঞ্চল, মিটার ও পরিশোধ পদ্ধতির ওপর। আগামী ২৫ নভেম্বর ব্রিটেনের জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা অফজেম জানুয়ারি থেকে মার্চ ২০২৭ সময়ের জন্য চূড়ান্ত মূল্যসীমা ঘোষণা করবে।