ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি
টানা ১০ দিন বৃষ্টিহীন থাকতে পারে ব্রিটেন
লন্ডন, ৩১ অক্টোবর : দুই বছরের মধ্যে সবচেয়ে বৃষ্টিবহুল সপ্তাহ পার করার পর এবার টানা ১০ দিন বৃষ্টিহীন আবহাওয়ার মুখোমুখি হতে পারে যুক্তরাজ্য। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের শুরুতে দেশজুড়ে আবহাওয়া শুষ্ক ও শান্ত থাকার সম্ভাবনা রয়েছে।
বিবিসি ওয়েদারের প্রধান আবহাওয়াবিদ স্টাভ ডানাওসের পূর্বাভাস অনুযায়ী, সম্প্রতি আঘাত হানা অস্টেন ও বোয়েলো নামের দুটি ঝড়ের প্রভাবে ইংল্যান্ডে গত দুই বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এরপর উচ্চচাপ বলয়ের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটছে। আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কম থাকবে।
তবে সকালে বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা দিতে পারে। কোথাও কোথাও কুয়াশা সহজে কাটবে না। এতে সড়ক ও বিমান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। দিনের বেলায় কুয়াশা কেটে গেলে রোদ দেখা যেতে পারে। রাত ও ভোরের দিকে তাপমাত্রাও কিছুটা কমতে পারে।
অন্যদিকে, সাম্প্রতিক ভারী বৃষ্টির পরও ইংল্যান্ডের পানির সংকট পুরোপুরি কাটেনি। পরিবেশ সংস্থার তথ্য অনুযায়ী, দেশটির ১১টি জলাধারে এখনো পানির পরিমাণ অত্যন্ত কম। কিছু এলাকায় খরাও অব্যাহত রয়েছে। পানির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আগামী কয়েক মাসে গড়ের চেয়ে বেশি বৃষ্টিপাত প্রয়োজন।
আবহাওয়াবিদদের ধারণা, নভেম্বরের প্রথমার্ধ পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। তবে মাসের মাঝামাঝি আটলান্টিক থেকে নতুন নিম্নচাপ তৈরি হলে আবার বৃষ্টি ও ঝোড়ো হাওয়া ফিরে আসতে পারে।