বিয়ে করলে ৫০ হাজার দিরহাম, সন্তান হলে অনুদান দ্বিগুণ—আমিরাতে আল হাবতুর গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

বিয়ে করলে ৫০ হাজার দিরহাম, সন্তান হলে অনুদান দ্বিগুণ—আমিরাতে আল হাবতুর গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

বিশ্ব সংবাদ ডেস্ক, ২৩ ফেব্রুয়ারি: পরিবার গঠনে তরুণদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান আল হাবতুর গ্রুপ। কর্মীদের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বিয়ে করলে মোটা অঙ্কের আর্থিক অনুদান এবং সন্তান জন্মের ক্ষেত্রে দ্বিগুণ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে দুবাইভিত্তিক এই প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, দুবাইয়ের প্রখ্যাত ধনকুবের খালিফ আল হাবতুর জানিয়েছেন, তাঁর প্রতিষ্ঠানে কর্মরত কোনো আমিরাতি নাগরিক বিবাহের সিদ্ধান্ত নিলে তাকে ৫০ হাজার দিরহাম প্রদান করা হবে। এছাড়া বিবাহের পর দুই বছরের মধ্যে ওই দম্পতির সন্তান জন্ম নিলে অনুদানের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩২ লাখ টাকার সমান।

খালাফ আল-হাবতুর বলেন, “বিবাহ এবং পরিবার গঠন কেবল ব্যক্তিগত কোনো বিষয় নয়, বরং এটি একটি সামাজিক ও জাতীয় দায়িত্ব। একটি শক্তিশালী জাতি ও স্থিতিশীল সমাজ গঠনে পরিবারের ভূমিকা অপরিসীম।”

২০২৫ সালে ইউনাইটেড আরব আমিরাত-এর মোট জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক কোটি ১৫ লাখে। তবে এর মধ্যে স্থানীয় নাগরিকদের হার মাত্র ১৫ শতাংশ। জনসংখ্যার এই ভারসাম্য বজায় রাখতে এবং স্থানীয়দের পারিবারিক সুরক্ষা নিশ্চিত করতে দেশটির সরকার আগে থেকেই বিভিন্ন আর্থিক কর্মসূচি পরিচালনা করে আসছে।

বিশ্লেষকদের মতে, বেসরকারি খাতের এমন উদ্যোগ রাষ্ট্রীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সামাজিক বার্তা বহন করে। এতে তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে ও পরিবার গঠনে ইতিবাচক মনোভাব তৈরি হতে পারে এবং দীর্ঘমেয়াদে জনসংখ্যাগত ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখতে পারে।