‘‘দেশ থেকে দেশান্তরে, ভয়েস অব পিপল সবার ঘরে’’
বিদেশে এমপিদের কর্মসূচি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
ভয়েস অব পিপল রিপোর্ট, ২৯ সেপ্টেম্বর:
বিদেশ সফরে গিয়ে বাংলাদেশের দূতাবাস বা হাইকমিশনে কোনো কর্মসূচি আয়োজন, বৈঠক করা কিংবা মিশনের চ্যান্সারি ভবন ব্যবহারের ক্ষেত্রে সংসদ সদস্যদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো সংসদ সদস্য বিদেশে বাংলাদেশের মিশন পরিদর্শন করতে চাইলে, চ্যান্সারি ব্যবহার করে বৈঠক বা অনুষ্ঠান আয়োজন করতে চাইলে সংশ্লিষ্ট অনুরোধ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আগে থেকে জানাতে হবে। মন্ত্রণালয়ের মাধ্যমেই এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় ও যোগাযোগ করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. নুরুল ইসলাম ২৭ সেপ্টেম্বর বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের কাছে পাঠানো এক বার্তায় এ নির্দেশনা দেন বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
জানা গেছে, বিদেশ সফরকালে সংসদ সদস্যরা কখনো বাংলাদেশি মিশনে গিয়ে বৈঠক, অনুষ্ঠান বা স্বাগতিক দেশের সরকারি কর্মকর্তা ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সভা করার জন্য মিশনের সহযোগিতা চান। নতুন ব্যবস্থায় এসব কর্মসূচির অনুরোধ সরাসরি মিশনের পরিবর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সমন্বয় করতে হবে।
বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর কার্যক্রমের সঙ্গে সংসদ সদস্যদের সফর ও কর্মসূচির সমন্বয় আরও কেন্দ্রীয়ভাবে করার লক্ষ্যেই এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।