‘‘দেশ থেকে দেশান্তরে, ভয়েস অব পিপল সবার ঘরে’’
পুরনো ল্যান্ডলাইন বদলাতে BT-এর চাপ, সাড়া না দিলে বন্ধ হচ্ছে ব্রডব্যান্ড
ভয়েস অব পিপল রিপোর্ট, ৩ অক্টোবর :
পুরনো অ্যানালগ ল্যান্ডলাইন থেকে ডিজিটাল ফোন ব্যবস্থায় যেতে গ্রাহকদের ওপর চাপ বাড়িয়েছে ব্রিটিশ টেলিকম (বিটি)। গার্ডিয়ানের অনুসন্ধান অনুযায়ী, কয়েকজন গ্রাহক বারবার যোগাযোগের পরও সাড়া না দেওয়ায় তাদের ব্রডব্যান্ড সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
যুক্তরাজ্যে পুরনো পিএসটিএন টেলিফোন নেটওয়ার্ক ২০২৭ সালের জানুয়ারির মধ্যে বন্ধ করার পরিকল্পনা রয়েছে। বিটির হিসাবে, তাদের ৯৫ শতাংশের বেশি গ্রাহক ইতিমধ্যে ডিজিটাল ব্যবস্থায় চলে গেছেন। তবে প্রায় ১৩ লাখ কপার-ভিত্তিক লাইন এখনো পরিবর্তনের অপেক্ষায় রয়েছে।
বিটি জানিয়েছে, যাদের ব্রডব্যান্ড সাময়িক বন্ধ করা হয়েছিল, তাদের ৮০ শতাংশের বেশি পরে যোগাযোগ করেছেন। প্রতিষ্ঠানটির দাবি, দুই বছর ধরে চিঠি, ই-মেইল, বার্তা ও ফোনের মাধ্যমে পরিবর্তনের বিষয়ে জানানো হয়েছে।
তবে বয়স্ক মানুষ, গ্রামীণ এলাকার বাসিন্দা এবং টেলিকেয়ার ব্যবহারকারীদের ক্ষেত্রে এ পরিবর্তন নিয়ে উদ্বেগ রয়েছে। বিদ্যুৎ বা ব্রডব্যান্ড সংযোগ বন্ধ হলে ডিজিটাল ল্যান্ডলাইন থেকেও জরুরি নম্বর ৯৯৯-এ কল করা সম্ভব নাও হতে পারে।
বিটির ডিজিটাল ফোন ব্যবস্থায় সাধারণত গ্রাহকের পুরনো নম্বরই রাখা যায়। তবে পরিবর্তনের আগে গ্রাহকদের নিজেদের টেলিকেয়ার বা নিরাপত্তা যন্ত্রপাতি ডিজিটাল ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।