ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি
লন্ডনের কভেন্ট গার্ডেনে চারজনকে ছুরিকাঘাত করায় ৪৭ বছর বয়স্ক নারী আটক
লন্ডন, ৫ আগস্ট ২০২৬:
লন্ডনের ব্যস্ত পর্যটন এলাকা কভেন্ট গার্ডেনে দুপুরের ব্যস্ত সময়ে ছুরিকাঘাতের ঘটনায় চার ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় ৪৭ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধারালো অস্ত্র বহন ও হামলার অভিযোগ আনা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে সেন্ট্রাল লন্ডনের এন্ডেল স্ট্রিট এলাকায় চার পুরুষকে ছুরিকাঘাতের ক্ষত নিয়ে উদ্ধার করা হয়। আহতদের বয়স ৩৪, ৩৯, ৪২ ও ৫২ বছর। তাদের সবাইকে দ্রুত চিকিৎসার জন্য বড় একটি ট্রমা সেন্টারে নেওয়া হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হলেও জীবনহানির আশঙ্কা নেই। অন্য দুজন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
ঘটনার পরপরই এক নারীকে আটক করে পুলিশ। তদন্তকারীরা ধারণা করছেন, হামলায় কাঁচি জাতীয় কোনো ধারালো বস্তু ব্যবহার করা হয়ে থাকতে পারে।
এলাকার পুলিশ প্রধান চিফ সুপারিনটেনডেন্ট জেসন স্টুয়ার্ট বলেন, “ঘটনার খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছে যায়। তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে বর্তমানে আমরা এটিকে বিচ্ছিন্ন একটি ঘটনা হিসেবে দেখছি, যার সঙ্গে মানসিক স্বাস্থ্যগত বিষয় জড়িত থাকতে পারে।”
তিনি আরও জানান, প্রমাণ সংগ্রহের কাজ চলাকালে এলাকায় পুলিশের উপস্থিতি অব্যাহত থাকবে।
লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে দ্রুত চিকিৎসা দল পাঠানো হয়। চারজন আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হামলাটি প্রথমে শ্যাফটসবারি থিয়েটারের সামনে ঘটে। পরে ওই নারী এন্ডেল স্ট্রিটের দিকে চলে যান। সেখানে আবার হামলার ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শী জানান, “আমরা দেখেছি, থিয়েটারের কাছে তিনি কয়েকজনকে কাঁচি দিয়ে আঘাত করেন। এরপর তিনি রাস্তার নিচের দিকে চলে যান এবং পুলিশ দ্রুত এসে তাকে আটক করে।”
স্থানীয় এক ব্যবসায়ী জানান, আহতদের একজন সাহায্যের জন্য একটি নাপিতের দোকানে ঢুকে পড়েন। তার পিঠে বড় ধরনের কাটা দাগ দেখা যায়।
ঘটনার সময় আশপাশের রেস্তোরাঁ ও দোকানে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় এক রেস্তোরাঁ কর্মী বলেন, হামলাটি ছিল সম্পূর্ণ আকস্মিক। “মানুষ দৌড়াতে শুরু করেছিল। কাউকে লক্ষ্য করে নয়, যেন হঠাৎ করেই ঘটনাটি ঘটে।”
কয়েকজন স্থানীয় ব্যবসায়ী দাবি করেছেন, অভিযুক্ত নারীকে তারা আগে থেকেই এলাকায় দেখেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে রাস্তায় থাকতেন এবং মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করতেন।
তবে পুলিশ এখনো হামলার প্রকৃত কারণ সম্পর্কে চূড়ান্ত কোনো মন্তব্য করেনি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।
ঘটনার পর কয়েক ঘণ্টার মধ্যে কভেন্ট গার্ডেনের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। তবে নিরাপত্তার অংশ হিসেবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।