তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল
ডিজিটাল সাংবাদিকতায় নতুন দক্ষতার তাগিদ, লন্ডন প্রেস ক্লাবের প্রশিক্ষণ সম্পন্ন
কমিউনিটি ডেস্ক রিপোর্ট, ৬ অক্টোবর :
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতাকে কীভাবে মানিয়ে নেওয়া যায়, তা নিয়ে লন্ডনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে রোববার (৪ অক্টোবর) পূর্ব লন্ডনের আল-খায়ের হলে আয়োজিত ‘মিডিয়া ট্রেনিং ২০২৬’-এ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
প্রশিক্ষণে সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ পরিবেশন, তথ্য যাচাই, ডাটা ও ভিজ্যুয়াল সাংবাদিকতা এবং ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য সংবাদ তৈরির কৌশল নিয়ে আলোচনা হয়।
বিবিসির সাবেক সাংবাদিক মাসুদ হাসান খান এআই ব্যবহারের সম্ভাবনা ও ঝুঁকি তুলে ধরে তথ্য যাচাই ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি কনটেন্টের ওপর নির্ভর না করার পরামর্শ দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকতার বিষয়ে প্রশিক্ষণ দেন রানার মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠাতা আ স ম মাসুম।
দ্য ডেইলি স্টারের ইউকে করেসপন্ডেন্ট-অ্যাট-লার্জ বুলবুল হাসান ডিজিটাল পাঠকের জন্য সংবাদকে সংক্ষিপ্ত, স্পষ্ট ও আকর্ষণীয়ভাবে উপস্থাপনের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিনিয়র এআই সায়েন্টিস্ট ও গ্রুপ লিডার ড. মো. মোস্তাফিজ কামাল সরকার সাংবাদিকতার ভবিষ্যতে এআইয়ের প্রভাব এবং প্রযুক্তির পাশাপাশি মানবিক বিচারবোধ ও পেশাগত নৈতিকতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
দিনের কর্মসূচি শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন লন্ডন টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মোস্তাক আহমেদ।
প্রশিক্ষণটি পরিচালনায় ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকরামুল হোসাইন ও অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহিন। অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, ট্রেজারার মো. আব্দুল হান্নান এবং সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক তাইসির মাহমুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।