তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল

রয়্যাল অ্যালবার্ট হলে সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি বংশোদ্ভূত নাভহান

রয়্যাল অ্যালবার্ট হলে সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি বংশোদ্ভূত নাভহান

কমিউনিটি ডেস্ক, ৭ নভেম্বর :

লন্ডনের ঐতিহাসিক রয়্যাল অ্যালবার্ট হলের জাতীয় সংগীত প্রতিযোগিতা ‘ফিউচার মেকার্স ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে ১৬ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান উজায়ের রঈস চৌধুরী।

বুধবার অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নিজের রচিত ধ্রুপদি পিয়ানো সংগীত পরিবেশন করে বিচারকদের মুগ্ধ করে সে। হাজারো আবেদনকারীকে পেছনে ফেলে বিভিন্ন বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে ওঠা নয় প্রতিযোগীর মধ্যে সেরা নির্বাচিত হয় নাভহান।

যুদ্ধ, সংঘাত ও ভালোবাসার দ্বন্দ্ব নিয়ে তার রচিত ‘লা দ্যুল্যর এক্সকিজ’ সংগীতটি বিশেষ প্রশংসা পায়। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী এক বছর পেশাদার সংগীতশিল্পীদের কাছ থেকে প্রশিক্ষণ, রেকর্ডিং, প্রযোজনা ও প্রচারণাসহ বিভিন্ন সুযোগ পাবে সে।

২০০৯ সালে যুক্তরাজ্যে জন্ম নেওয়া নাভহান বর্তমানে ঐতিহ্যবাহী হ্যারো স্কুলের শিক্ষার্থী। পিয়ানো ও চেলোতে বিশেষ দক্ষতার পাশাপাশি গিটার বাজানো এবং সংগীত রচনাতেও পারদর্শী সে। তার মা রুবেনা চৌধুরীর আদি বাড়ি সিলেটে এবং বাবা মোহাম্মদ মতিউল ইসলাম চৌধুরীর বাড়ি বাংলাদেশের দিনাজপুরে। পরিবারে সংগীতচর্চার ঐতিহ্যও রয়েছে।

২০২২ সালে শুরু হওয়া ‘ফিউচার মেকার্স’ প্রতিযোগিতার লক্ষ্য যুক্তরাজ্যের ১৪ থেকে ১৯ বছর বয়সী প্রতিভাবান সংগীতশিল্পীদের খুঁজে বের করা এবং তাঁদের পেশাদার সংগীতজীবন গড়ে তুলতে সহায়তা করা।