সিডনির বন্দুকধারীকে নিরস্ত্র করে বহু জীবন বাঁচালেন আহমেদ আল আহমেদ
সিডনি, ১৪ ডিসেম্বর ২০২৫ – অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচ-এ ইহুদি ধর্মীয় অনুষ্ঠানের সময় ঘটে যাওয়া ভয়াবহ গুলিবর্ষণের সময় হস্তক্ষেপ করে এক হামলাকারীকে নিরস্ত্র করে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন আহমেদ আল আহমেদ।
নিউজ ডটকম ডটএইউতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও ফুটেজে দেখা যায়—এক ব্যক্তি পেছন দিক থেকে হামলাকারীর কাছে গিয়ে তার হাত থেকে শটগান কেড়ে নিয়ে তাকে নিষ্ক্রিয় করেন। নিউজ ডটকম নিশ্চিত করেছে, এই নায়ক হলেন ৪৩ বছর বয়সী আহমেদ আল আহমেদ, যিনি সিডনির সাদারল্যান্ড এলাকায় একটি ফলের দোকানের মালিক।

হামলার সময় বহু মানুষের জীবন বাঁচানো আহমেদ আল আহমেদ গুলিবিদ্ধ হন দুটি স্থানে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে সেভেন নিউজকে তার চাচাতো ভাই মুস্তাফা জানিয়েছেন, তার ভাই ওই রাতেই অস্ত্রোপচার করার কথা রয়েছে।
মুস্তাফা আরও জানান, দুই সন্তানের জনক আহমেদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। তিনি বলেন, “আমরা আশা করছি সে ঠিক হয়ে যাবে—সে একজন নায়ক।”
আহমেদ আল আহমেদের এই সাহসিকতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দ্য সিডনি মর্নিং হেরাল্ড তাকে আখ্যা দিয়েছে—‘বহু মানুষের জীবন বাঁচানো একজন নায়ক’ হিসেবে।
নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস বলেন, “এটি আমার দেখা সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্য। একজন মানুষ, যিনি সম্প্রদায়ের ওপর গুলি চালানো এক বন্দুকধারীর কাছে এগিয়ে গিয়ে একাই তাকে নিরস্ত্র করেন—অগণিত মানুষের প্রাণ বাঁচাতে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলেন। সে একজন প্রকৃত নায়ক।”
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, হামলাটি ইহুদি অস্ট্রেলীয়দের লক্ষ্য করে চালানো হয়েছিল। এই ঘটনায় ১১ জন নিহত এবং পুলিশ সদস্যসহ ২৯ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এক সন্দেহভাজন নিহত হয়েছে এবং আরেকজন আহত অবস্থায় আটক রয়েছেন।
অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা এই হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।