লন্ডনে ফ্রেন্ডস অব বাংলাদেশ-এর তহবিল সংগ্রহ অনুষ্ঠান সম্পন্ন

লন্ডনে ফ্রেন্ডস অব বাংলাদেশ-এর তহবিল সংগ্রহ অনুষ্ঠান সম্পন্ন

কমিউনিটি ডেস্ক, ১৪ ডিসেম্বর:  লন্ডনের বিখ্যাত মেফেয়ার ভেন্যুতে গত শনিবার (১১ অক্টোবর) ফ্রেন্ডস অব বাংলাদেশ (এফওবি)-এর উদ্যোগে এক অনুপ্রেরণামূলক তহবিল সংগ্রহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে সংগঠনের ভবিষ্যৎ মানবিক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অর্থ সংগ্রহ করা হয়।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় তহবিল গঠন করা। বিশেষভাবে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত নারীদের চিকিৎসা, পথশিশুদের পুনর্বাসন এবং চোখের দৃষ্টি পুনরুদ্ধার প্রকল্পে অর্থায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আজিজ তাঁর বক্তব্যে জানান, ফ্রেন্ডস অব বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ জুড়ে একটি মোবাইল ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ইউনিট পরিচালনা করছে। এর মাধ্যমে গ্রামীণ নারীদের মধ্যে প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্ত করে জীবন রক্ষার কার্যক্রম চালানো হচ্ছে। তিনি আরও বলেন, খুব শিগগিরই একটি মোবাইল চোখের ছানি অস্ত্রোপচার ইউনিট চালু করার পরিকল্পনা রয়েছে, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষ দৃষ্টি ফিরে পেতে পারে।

১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে প্রবাসী বাংলাদেশিদের মানবিক সহানুভূতি ও দেশপ্রেমের প্রতীক হিসেবে কাজ করে আসছে। সংগঠনটির অন্যতম বৈশিষ্ট্য হলো তাদের নীতিবাক্য—“Hundred Percent Goes to the Beneficiaries”, অর্থাৎ সংগৃহীত সব অর্থ সরাসরি উপকারভোগীদের কল্যাণে ব্যয় করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনারের (যুক্তরাজ্য) প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সেলর তানভির মোহাম্মদ আজিম। তিনি হাইকমিশনারের বার্তা পাঠ করে বলেন, ফ্রেন্ডস অব বাংলাদেশ কেবল একটি প্রবাসী সংগঠন নয়; এটি একটি মানবিক শক্তি, যা বাংলাদেশের অসহায় মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমপি অ্যান্ড্রু রোসিন্ডেল, এমপি ডেম সিওভেইন ম্যাকডোনাফ, টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপের লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, ক্রয়ডনের মেয়র কাউন্সিলর মো. ইসলাম, কমিউনিটি নেতা কে. এম. আবু তাহের চৌধুরী এবং বিবিসিএ সভাপতি তোফাজ্জল মিয়া। তাঁদের উপস্থিতি ও বক্তব্য অনুষ্ঠানকে আরও অর্থবহ ও অনুপ্রেরণামূলক করে তোলে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. জিয়াউল হক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আজিজ। ট্রাস্টি সদস্য ও সাবেক সভাপতি মাহবুব ইজদানি খানসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রমভিত্তিক একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়, যা উপস্থাপন করেন ডা. এম. এ. আউয়াল। এছাড়া কনসালট্যান্ট ব্রেস্ট সার্জন ডা. জাকারুল্লাহ ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও আত্ম-পরীক্ষা’ বিষয়ে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন।

তহবিল সংগ্রহ পর্ব পরিচালনা করেন প্রখ্যাত কমিউনিটি ব্যক্তিত্ব আজমল মাশরুর। তাঁর প্রাণবন্ত আহ্বানে অতিথিরা বিপুল অনুদান প্রদান করেন। তাঁকে সহায়তা করেন সংগঠনের কোষাধ্যক্ষ নুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারহান মাহমুদ খান, সলিসিটার ইমতিয়াজ হোসেন ও খাদিজা নাসিম। ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাকাউন্ট্যান্ট সৈয়দ আরিফ কাজী।

সভাপতি ডা. জিয়াউল হক তাঁর সমাপনী বক্তব্যে অতিথি, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ মানবিক কার্যক্রমের সাফল্য কামনা করেন।

সাংস্কৃতিক পর্বে শিল্পী আল আমিন শাদ, সম্পা দেওয়ানসহ অন্যরা সঙ্গীত পরিবেশন করেন। নিলাম ও র‌্যাফেল ড্র পর্বে অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে যুক্তরাজ্যজুড়ে বসবাসরত চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, হিসাবরক্ষক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তাঁদের অংশগ্রহণে স্পষ্ট হয়ে ওঠে—প্রবাসে থেকেও ভালোবাসা, মানবিকতা ও ঐক্যের শক্ত বিশ্বাস নিয়ে মাতৃভূমির অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।