ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে আরও হত্যাকাণ্ডের আশঙ্কা প্রকাশ করলেন ফখরুল

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে আরও হত্যাকাণ্ডের আশঙ্কা প্রকাশ করলেন ফখরুল

ঢাকা, ১৪ ডিসেম্বর ২০২৫ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক সহিংসতা নতুন মাত্রা লাভ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রোববার সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ফখরুল বলেন, “নতুন করে বাংলাদেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। আমরা আশঙ্কা করছি, সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আবারও স্বপ্ন দেখছে একটি গণতান্ত্রিক বাংলাদেশের। আমরা যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রক্ষা করব।”

ফখরুল সব ষড়যন্তু ও চক্রান্তকে ব্যর্থ করে দেশকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, “সকল চক্রান্তকে ব্যর্থ করে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার আদায় করবে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা এবং ঢাকা মহানগর ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ফখরুল আরও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, “এই দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমাদের নেতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের যে আমূল পরিবর্তন নিয়ে এসেছিলেন, তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।”

এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধটি সকল স্তরের মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, যাতে স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানানো যায়।