“১৬ জনকে হত্যা, তবু মায়ের দাবি—আমার ছেলে এমন কাজ করতেই পারে না”

“১৬ জনকে হত্যা, তবু মায়ের দাবি—আমার ছেলে এমন কাজ করতেই পারে না”

বিশ্ব সংবাদ ডেস্ক, ১৫ ডিসেম্বর:  অস্ট্রেলিয়ার সিডনি শহরের বন্ডি সমুদ্রসৈকতে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এই হামলায় জড়িত ছিলেন পিতা ও পুত্র—সাজিদ আক্রম (৫০) এবং তাঁর ২৪ বছর বয়সী ছেলে নবিদ আক্রম। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় সৈকতে ইহুদিদের হানুকা উৎসব চলছিল এবং সেখানে প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিলেন। ভিড়ের মধ্যেই নির্বিচারে গুলি চালায় হামলাকারীরা।

পুলিশের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই নিহত হন সাজিদ আক্রম। গুরুতর আহত অবস্থায় নবিদ আক্রমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়া সরকার এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে ঘোষণা করেছে।

এত বড় হত্যাকাণ্ডের পরও পুত্রের বিরুদ্ধে অভিযোগ মানতে নারাজ নবিদের মা ভেরেনা। অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, নবিদ অত্যন্ত ভাল মানুষ এবং এমন কাজ সে করতেই পারে না। তাঁর দাবি, নবিদ মদ্যপান বা ধূমপান করত না, বন্ধুদের সঙ্গে খুব বেশি মিশত না এবং তার কাছে কোনো আগ্নেয়াস্ত্রও ছিল না। স্বামীর ভূমিকা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

পুলিশ জানিয়েছে, পশ্চিম সিডনির একটি বাড়িতে পরিবারটি বসবাস করত। নবিদ আগে বাড়ি-ঘর মেরামতির কাজ করতেন, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাওয়ায় সম্প্রতি কাজ হারান তিনি। সাজিদের একটি ফলের দোকান ছিল বলে জানা গেছে। পুলিশের তথ্যমতে, সাজিদের নামেই ছয়টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল এবং হামলায় সেগুলোর সবকটিই ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনার পর অস্ট্রেলিয়ায় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ়।