মাত্র এক ঘণ্টার বর্ষণে মরক্কোয় প্রাণঘাতী বন্যা, নিহত ২১: আহত ৩২
বিশ্ব সংবাদ ডেস্ক, ১৫ ডিসেম্বর: মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে আকস্মিক বন্যায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) মাত্র এক ঘণ্টার প্রবল বর্ষণের ফলে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বন্যায় অন্তত ৩২ জন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলেও প্রাথমিক চিকিৎসা শেষে অধিকাংশকেই ছেড়ে দেওয়া হয়েছে। রাজধানী রাবাত থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাফি প্রদেশে বর্তমানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে।
দীর্ঘ সাত বছর ধরে চলা খরার কারণে মরক্কোর প্রধান জলাধারগুলো প্রায় শুকিয়ে গিয়েছিল। সম্প্রতি সেই খরা কাটিয়ে এটলাস পর্বতমালায় ভারী বৃষ্টিপাত ও তুষারপাত শুরু হয়েছে। আবহাওয়ার এই আকস্মিক ও চরম পরিবর্তনের ফলেই এমন হঠাৎ বন্যার সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানায়, মাত্র এক ঘণ্টার প্রবল বর্ষণে সাফির পুরোনো শহরের চিত্র পুরোপুরি পাল্টে যায়। শহরের নিচু এলাকার ঘরবাড়ি ও দোকানপাট পানিতে তলিয়ে যায়। প্রবল স্রোতে রাস্তায় থাকা বহু গাড়ি ভেসে যায় এবং সাফি ও আশপাশের এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।