দুই দশক পর সিলেটে তারেক রহমান: মাজার জিয়ারত দিয়ে নির্বাচনি যাত্রা, আজ আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ

দুই দশক পর সিলেটে তারেক রহমান: মাজার জিয়ারত দিয়ে নির্বাচনি যাত্রা, আজ আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ

সিলেট প্রতিনিধি, ২২ জানুয়ারি: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে ২০০৫ সালে সিলেটে কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। প্রায় বিশ বছর পর এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে সিলেটে জনসমাবেশে বক্তৃতা করতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে এই সমাবেশ।

সমাবেশকে সামনে রেখে বুধবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপির চেয়ারম্যান। রাত ৯টা ১৮ মিনিটে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। এরপর রাত সাড়ে ১০টার দিকে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন।

রাত সাড়ে ১২টার দিকে তিনি শ্বশুরবাড়িতে পৌঁছান। তার শ্বশুর সাবেক মন্ত্রী অ্যাডমিরাল মাহবুব আলী খান এবং স্ত্রী ডা. জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে। সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠান শেষে তিনি রাতেই নগরীর গ্র্যান্ড হোটেলে ফিরে যাবেন।

বিএনপি সূত্র জানায়, মাজার জিয়ারতের মধ্য দিয়েই তারেক রহমান আজ থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন।

এদিকে বুধবার রাত থেকেই সিলেট নগরী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে শুরু করেন।

সিলেটে তারেক রহমানের কর্মসূচি

বিএনপির রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন সংবাদ সম্মেলনে জানান, বুধবার রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছান তারেক রহমান। রাতে মাজার জিয়ারত শেষে বৃহস্পতিবার তিনি আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনি সমাবেশে অংশ নেবেন।

তার আগমন ঘিরে সিলেট বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আলিয়া মাদ্রাসা মাঠে ৩০ ফুট দৈর্ঘ্যের একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে, যেখানে প্রায় ৩০০ অতিথির বসার ব্যবস্থা রাখা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে তোরণ, বিলবোর্ড ও সাইনবোর্ড বসানো হয়েছে। সমাবেশস্থল এলাকায় নেতাকর্মীরা শতাধিক শুভেচ্ছা ব্যানার টানিয়েছেন। আজকের সমাবেশে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন আসনের বিএনপি প্রার্থীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

দলীয় নেতারা আরও জানান, তারেক রহমান বিমানবন্দর এলাকার গ্র্যান্ড হোটেল অ্যান্ড রিসোর্টে রাত্রিযাপন করবেন। বৃহস্পতিবার সকাল ১০টায় ওই হোটেলে অরাজনৈতিক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে বেলা ১১টার দিকে তিনি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন। এরপর মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে আরেকটি সমাবেশে যোগ দেবেন। বেলা ২টায় মৌলভীবাজারের কর্মসূচি শেষ করে তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠের সমাবেশে অংশ নেবেন।