আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক শুনানি জানুয়ারিতে

আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক শুনানি জানুয়ারিতে

বিশ্ব সংবাদ ডেস্ক, ২১ ডিসেম্বর:  আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) আগামী জানুয়ারি মাসে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার গণশুনানি শুরু করবে। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের এই শীর্ষ আদালতের শুনানিতে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নৃশংসতার বিচারিক কার্যক্রম চলবে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, মামলার বাদী দেশ গাম্বিয়া ১২ থেকে ১৫ জানুয়ারি তাদের যুক্তি উপস্থাপন করবে। এরপর ১৬ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত মিয়ানমার আত্মপক্ষ সমর্থনে যুক্তি ও প্রমাণ তুলে ধরবে। সাক্ষ্যগ্রহণের জন্য তিন দিন বরাদ্দ থাকলেও সেই অংশ গণমাধ্যম ও জনসাধারণের জন্য বন্ধ থাকবে।

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সহায়তায় ২০১৯ সালে গাম্বিয়া মামলাটি দায়ের করে। এতে ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো সহিংসতাকে ‘গণহত্যা কনভেনশন লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আইসিজেতে যোগ্যতার ভিত্তিতে এটি প্রথম কোনো গণহত্যা মামলার শুনানি, যা আন্তর্জাতিক বিচার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ নজির স্থাপন করতে পারে।

উল্লেখ্য, ২০১৭ সালের সহিংসতার পর প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে কক্সবাজারে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে ১২ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে, যাদের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ অব্যাহত রয়েছে। আরকিছু বসবাস করছে ভাসানচরে।