প্রথাগত চিকিৎসার কার্যকারিতা যাচাইয়ে ডব্লিউএইচও
ভয়েস অব পিপল ডেস্ক, ২১ ডিসেম্বর:
কবিরাজি, ভেষজ চিকিৎসা, আকুপাংচার ও যোগসহ বিভিন্ন প্রথাগত চিকিৎসা পদ্ধতির কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, আধুনিক গবেষণা ও প্রযুক্তির সহায়তায় এসব পদ্ধতির বৈজ্ঞানিক ভিত্তি যাচাইয়ের বড় সুযোগ তৈরি হয়েছে।

ডব্লিউএইচওর গ্লোবাল ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টারের প্রধান ডা. শ্যামা কুরুবিল্লা বলেন, দীর্ঘদিন প্রমাণের অভাবে যেসব চিকিৎসা পদ্ধতি উপেক্ষিত ছিল, নতুন বিনিয়োগ ও গবেষণায় সেগুলোর সম্ভাবনা স্পষ্ট হতে পারে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী এক দশকের জন্য ডব্লিউএইচও প্রথাগত চিকিৎসা নিয়ে নতুন বৈশ্বিক কৌশল গ্রহণে দেশগুলো একমত হয়েছে।
এই কৌশলের আওতায় প্রথাগত চিকিৎসার প্রমাণভিত্তি তৈরি, নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তোলা এবং প্রয়োজন অনুযায়ী আধুনিক স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে একীভূত করার পরিকল্পনা রয়েছে।
প্রথাগত চিকিৎসা বলতে এমন স্বাস্থ্য ও সুস্থতার ব্যবস্থাকে বোঝায়, যেগুলোর উদ্ভব আধুনিক বায়োমেডিসিনের আগেই হয়েছে। এসব চিকিৎসা পদ্ধতির ধরন নানাবিধ—ভেষজ চা থেকে শুরু করে ভারতের আয়ুর্বেদিক চিকিৎসাব্যবস্থা পর্যন্ত।