জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ২৬ ডিসেম্বর

জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ২৬ ডিসেম্বর

ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি ও জনজীবনের বৈচিত্র্য দর্শকের সামনে তুলে ধরতেই জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’–এর এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাসসমৃদ্ধ প্রাচীন জনপদ চুয়াডাঙ্গায়। অনুষ্ঠানটির মঞ্চ নির্মাণ করা হয় ব্রিটিশ আমলে নির্মিত শতবর্ষী, হাজারদুয়ারি নামে পরিচিত ঐতিহ্যবাহী নাটুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি ও জনজীবনের বৈচিত্র্য দর্শকের সামনে তুলে ধরতেই জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’–এর এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাসসমৃদ্ধ প্রাচীন জনপদ চুয়াডাঙ্গায়। অনুষ্ঠানটির মঞ্চ নির্মাণ করা হয় ব্রিটিশ আমলে নির্মিত শতবর্ষী, হাজারদুয়ারি নামে পরিচিত ঐতিহ্যবাহী নাটুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এবারের পর্বে থাকছে দুটি গান। এর একটি পরিবেশন করেন চুয়াডাঙ্গার সন্তান লোকসংগীতশিল্পী বিউটি ও ইত্যাদির আবিষ্কার জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই। গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান এবং সংগৃহীত সুরে সংগীতায়োজন করেছেন মেহেদী।

বরাবরের মতো নিয়মিত আয়োজন হিসেবে থাকছে চিঠিপত্র পর্ব এবং সামাজিক অসংগতি নিয়ে তীক্ষ্ণ ও রসাত্মক সব নাট্যাংশ। দানের নামে ফটোসেশন, অকারণে ইংরেজির ব্যবহার, বিজ্ঞাপনের যন্ত্রণা ও সমসাময়িক নানা বিষয় নিয়ে অভিনীত এসব নাট্যাংশে অংশ নিয়েছেন সুপরিচিত একঝাঁক অভিনয়শিল্পী। ফাগুন অডিও ভিশনের ব্যানারে হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নান্দনিক এই পর্বটি স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। আগামী ২৬ ডিসেম্বর বিটিভির পর্দায় চোখ রাখলে দর্শকরা চুয়াডাঙ্গার রূপ-লাবণ্য আর ইত্যাদির চিরাচরিত জাদুকরী আয়োজন উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানের শুরুতেই ছিল চুয়াডাঙ্গার কৃষ্টি ও ইতিহাসভিত্তিক একটি পরিচিতিমূলক গান ও নৃত্য। শাহ আলম সনির কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। স্থানীয় নৃত্যশিল্পীরা পরিবেশন করেন এই নৃত্যাংশ, যার কোরিওগ্রাফি করেন এস কে জাহিদ। কণ্ঠ দেন রাজিব ও তানজিনা রুমা।

ইত্যাদির এবারের প্রতিবেদনে উঠে এসেছে চুয়াডাঙ্গার নানা অজানা ও শিক্ষামূলক গল্প। বন্যপ্রাণী ও পাখির গ্রাম হিসেবে পরিচিত বেলগাছি গ্রামের তরুণ বখতিয়ার হামিদের প্রকৃতিপ্রেম নিয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। এছাড়া চুয়াডাঙ্গার গ্রামীণ অর্থনীতিতে বিপ্লব ঘটানো ‘ব্ল্যাক বেঙ্গল গোট’ বা বিশ্বসেরা জাতের ছাগল পালনের ওপর রয়েছে একটি তথ্যবহুল আলোকপাত। ফল-ফসলের সমৃদ্ধ এই জনপদে তরুণদের আধুনিক কৃষিকাজ এবং জনপ্রিয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থাপনা নিয়েও রয়েছে চমকপ্রদ তথ্য। মানবিক প্রতিবেদনে ফুটিয়ে তোলা হয়েছে এই অঞ্চলের খেজুর গাছের গাছিদের জীবনসংগ্রামের চিত্র। আর বিদেশি প্রতিবেদনে দর্শকদের নিয়ে যাওয়া হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত ‘হলিউড ওয়াক অফ ফেইম’-এ।

দর্শকপর্বের নিয়ম অনুযায়ী চুয়াডাঙ্গাকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে চারজনকে নির্বাচন করা হয়। নির্বাচিত দর্শকদের নিয়ে চিঠি ও রেললাইন বিষয়ক বহুশ্রুত, হৃদয়ছোঁয়া জনপ্রিয় গান দিয়ে সাজানো হয় এই উপভোগ্য পর্বটি।

এবারের ইত্যাদিতে অংশ নিয়েছেন অসংখ্য জনপ্রিয় অভিনয়শিল্পী ও কৌতুকশিল্পী। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, আবদুল্লাহ রানা, আমিন আজাদ, আবু হেনা রনি, বিলু বড়ুয়া, রতন খান, মঞ্জুর আলম, মুকুল সিরাজ, সুর্বণা মজুমদারসহ আরও অনেক জনপ্রিয় মুখ।

জানা গেছে, হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’র এই বিশেষ পর্বটি আগামী ২৬ ডিসেম্বর, শুক্রবার রাত ৮টায়, বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।