লন্ডন সংবাদ
ব্রিক লেনে কারি উৎসবে প্রায় ৪০ হাজারের বেশি মানুষের ঢল
কমিউনিটি ডেস্ক, ২৩ সেপ্টেম্বর : পূর্ব লন্ডনের ব্রিক লেনে আয়োজিত কারি উৎসবে এবার ৪০ হাজারের বেশি মানুষের সমাগম হয়েছে। গত রোববার, ২০ সেপ্টেম্বর দিনভর খাবার, সংগীত, নৃত্য ও নানা সাংস্কৃতিক আয়োজন ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে পুরো ব্রিক লেন।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, এবারের আয়োজন ছিল উৎসবটির এখন পর্যন্ত সবচেয়ে বড় আয়োজন। গত বছর নয় বছরের বিরতির পর উৎসবটি আবার শুরু হওয়ার পর এবার দর্শনার্থীর সংখ্যা আরও বেড়েছে। গত বছরের তুলনায় এবার উৎসবের জন্য নিবন্ধনও দ্বিগুণের বেশি হয়েছে।
বাংলাদেশি অধ্যুষিত ব্রিক লেনের এই উৎসবে পূর্ব লন্ডনের বাঙালি সংস্কৃতি ও খাবারের ঐতিহ্য বিশেষভাবে তুলে ধরা হয়। স্থানীয় রেস্তোরাঁগুলো বিভিন্ন ধরনের কারি ও আঞ্চলিক খাবার পরিবেশন করে। পাশাপাশি ছিল রাস্তার খাবার, রান্নার প্রদর্শনী, বাজার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসবের মূল মঞ্চে ব্রিটিশ-বাংলাদেশি শিল্পী নিশ, খিয়ো ও মামজি স্ট্রেঞ্জার সংগীত পরিবেশন করেন। ছিল ঢোলবাদন, নৃত্য, শোভাযাত্রা, পরিবারভিত্তিক বিভিন্ন আয়োজন এবং শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল জানিয়েছে, উৎসবটি শুধু খাবার ও বিনোদনের আয়োজন নয়; ব্রিক লেনের বাংলাদেশি ও দক্ষিণ এশীয় ঐতিহ্য, স্থানীয় ব্যবসা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা সাংস্কৃতিক পরিচয় তুলে ধরারও একটি বড় মাধ্যম।
কাউন্সিলের তথ্য অনুযায়ী, টাওয়ার হ্যামলেটসে যুক্তরাজ্যের সবচেয়ে বড় বাংলাদেশি সম্প্রদায়ের বসবাস। ব্রিক লেনের রেস্তোরাঁ ও ছোট ব্যবসাগুলোও এই উৎসবের মাধ্যমে নতুন ক্রেতা ও দর্শনার্থীদের কাছে নিজেদের তুলে ধরার সুযোগ পেয়েছে।
নয় বছরের বিরতির পর ২০২৫ সালে ফিরে আসা ব্রিক লেন কারি উৎসবের দ্বিতীয় আয়োজনেই ৪০ হাজারের বেশি মানুষের উপস্থিতি প্রমাণ করছে, লন্ডনের এই ঐতিহাসিক এলাকায় বাংলাদেশি খাবার ও সংস্কৃতির আকর্ষণ এখনও কতটা শক্তিশালী।