তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল
শীতের আগে ৬৫ বছর বা তার বেশি বয়সীদের বিনা মূল্যে ফ্লু টিকা নেওয়ার আহ্বান এনএইচএসের
লন্ডন, ২৩ অক্টোবর:
যুক্তরাজ্যে ৬৫ বছর বা তার বেশি বয়সীদের শীতের আগে বিনা মূল্যে ফ্লু টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস। বিশেষ করে বয়স্কদের ফ্লুতে গুরুতর অসুস্থ হয়ে পড়া এবং হাসপাতালে চিকিৎসা নেওয়ার ঝুঁকি কমাতে টিকা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এনএইচএসের পরামর্শ অনুযায়ী, বয়স্ক ব্যক্তিরা সুস্থ থাকলেও এবং নিয়মিত চলাফেরা করলেও ফ্লু থেকে সুরক্ষার জন্য টিকা নেওয়া প্রয়োজন। কারণ, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফ্লুতে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়তে পারে।
গত বছর ফ্লুর টিকা নেওয়া থাকলেও এ বছর আবার টিকা নিতে হবে। সময়ের সঙ্গে টিকার সুরক্ষা কমে যায়। পাশাপাশি, ফ্লু ভাইরাসের সম্ভাব্য নতুন ধরনের বিরুদ্ধে সুরক্ষা দিতে প্রতিবছর টিকাও হালনাগাদ করা হয়।
যোগ্য ব্যক্তিরা নিজেদের জিপি সার্জারি, ফার্মেসি অথবা এনএইচএস অ্যাপের মাধ্যমে টিকা নেওয়ার ব্যবস্থা করতে পারবেন।
এনএইচএস বয়স্কদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও যাঁরা এখনো ফ্লুর টিকা নেননি, তাঁদের বিষয়টি মনে করিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।
টিকা নেওয়ার বুকিং ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে: https://www.nhs.uk/bookflu