লন্ডনের সবুজ নগরীর মুকুট আবারও হ্যাকনির, তালিকায় টাওয়ার হ্যামলেটস ১৩তম

লন্ডনের সবুজ নগরীর মুকুট আবারও হ্যাকনির, তালিকায় টাওয়ার হ্যামলেটস ১৩তম

নিজস্ব প্রতিবেদন, ২৩ জুলাই:

ইউরোপের অন্যতম সবুজ নগরী হিসেবে পরিচিত লন্ডনে সেরা পার্কসমৃদ্ধ বরোর তালিকায় টানা দ্বিতীয় বছরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে পূর্ব লন্ডনের হ্যাকনি। যুক্তরাজ্যের পরিবেশবিষয়ক দাতব্য সংস্থা কিপ ব্রিটেন টিডি (Keep Britain Tidy)-এর ২০২৬ সালের গ্রিন ফ্ল্যাগ অ্যাওয়ার্ডস-এ হ্যাকনির ৩৪টি পার্ক ও উন্মুক্ত সবুজ এলাকা স্বীকৃতি পেয়েছে।

লন্ডনে বর্তমানে তিন হাজারেরও বেশি পার্ক ও সবুজ খোলা জায়গা রয়েছে। শহরের প্রায় ৪৭ শতাংশ এলাকা সবুজায়নে আচ্ছাদিত হওয়ায় গ্রীষ্মকালে এসব পার্ক স্থানীয় বাসিন্দাদের অবসর, ব্যায়াম, শিশুদের খেলাধুলা এবং প্রকৃতির সান্নিধ্য উপভোগের প্রধান কেন্দ্র হয়ে ওঠে।

হ্যাকনির ক্লিসল্ড পার্ক

স্বতন্ত্র বিচারকদের মূল্যায়নে পরিচ্ছন্নতা, নিরাপত্তা, হাঁটার পথ, অবকাঠামো, দর্শনার্থীসেবা ও পরিবেশ সংরক্ষণের মতো বিভিন্ন মানদণ্ড বিবেচনায় নিয়ে এই পুরস্কার দেওয়া হয়।

হ্যাকনির জনপ্রিয় সবুজ এলাকার মধ্যে রয়েছে ক্লিসল্ড পার্ক, ডবনি ফিল্ডস এবং ওয়েল স্ট্রিট কমন। বরোর জলবায়ু ও পরিবহনবিষয়ক দায়িত্বপ্রাপ্ত কাউন্সিল সদস্য জ্যাকব কেবল বলেন, প্রতিটি মানুষের বাড়ির কাছেই মানসম্মত সবুজ পরিবেশ পাওয়ার অধিকার রয়েছে। এই স্বীকৃতি পার্ক বিভাগের কর্মী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত প্রচেষ্টার ফল।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্টমিনস্টার, যেখানে রয়েছে বিখ্যাত হাইড পার্ক, সেন্ট জেমস পার্কগ্রিন পার্কসহ মোট ৩৩টি পুরস্কারপ্রাপ্ত সবুজ এলাকা। তৃতীয় স্থানে থাকা সাউথওয়ার্ক পেয়েছে ৩০টি গ্রিন ফ্ল্যাগ স্বীকৃতি।

হাইড পার্ক

বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের আরেক গুরুত্বপূর্ণ বরো টাওয়ার হ্যামলেটস এবার ১৪টি গ্রিন ফ্ল্যাগ অর্জন করে ১৩তম অবস্থানে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের জন্য এটি একটি ইতিবাচক অর্জন হিসেবে দেখা হচ্ছে, কারণ দ্রুত নগরায়ণের মধ্যেও বরোটি সবুজ পরিবেশ সংরক্ষণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

টাওয়ার হ্যামলেটের ভিক্টোরিয়া পার্ক

২০২৬ সালে লন্ডনজুড়ে মোট ৫২২টি স্থান গ্রিন ফ্ল্যাগ স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে ৩৭টি গ্রিন হেরিটেজ অ্যাওয়ার্ড এবং ৪৭টি গ্রিন ফ্ল্যাগ কমিউনিটি অ্যাওয়ার্ড অন্তর্ভুক্ত রয়েছে।

২০২৬ সালের সেরা ১০ সবুজ বরো

১. হ্যাকনি (৩৪)

২. ওয়েস্টমিনস্টার (৩৩)

৩. সাউথওয়ার্ক (৩০)

৪. ল্যাম্বেথ (২৯)

৫. হ্যামারস্মিথ অ্যান্ড ফুলহ্যাম (২৬)

৬. রিচমন্ড আপন টেমস (২৫)

৭. ইলিং (২৩)

৮. হাউনসলো (২০)

৯. লুইশাম (১৮)

১০.হ্যাভারিং (১৬)

মাডচুট ফার্ম পার্ক, ক্যানারী ওয়ারফ, আইল অব ডগস, টাওয়ার হ্যামলেটস

পরিবেশবিদদের মতে, জলবায়ু পরিবর্তন ও তাপপ্রবাহের ঝুঁকি বাড়ার এই সময়ে শহরের পার্ক ও উন্মুক্ত সবুজ এলাকা শুধু বিনোদনের জন্য নয়, বরং তাপমাত্রা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনস্বাস্থ্যের জন্যও ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে