ব্যবসা, বিনিয়োগ ও কমিউনিটির ঐক্য জোরদারের আহ্বান

মেয়র লুৎফুর রহমানকে ইউকেবিসিসিআই'র সংবর্ধনা

মেয়র লুৎফুর রহমানকে ইউকেবিসিসিআই'র সংবর্ধনা

কমিউনিটি ডেস্ক, ২৩ জুলাই:

যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের অন্যতম সংগঠন ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ইউকেবিসিসিআই) টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান-এর সম্মানে এক সংবর্ধনা, মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করেছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী উদ্যোক্তাদের শক্তিশালী নেটওয়ার্ক, বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং কমিউনিটির ঐক্যবদ্ধ অগ্রযাত্রা সময়ের দাবি।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় ক্যানারি ওয়ার্ফের একটি অভিজাত ভেন্যুতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটসের চারবারের নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতা ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানের শুরুতে ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া এমবিই এবং সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যরা প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক ইমাম উদ্দিন আহমেদ

স্বাগত বক্তব্যে প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশি উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও ঐক্য আরও শক্তিশালী করাই ইউকেবিসিসিআই'র অন্যতম লক্ষ্য। তিনি ব্যবসায়িক উন্নয়নের পাশাপাশি নতুন প্রজন্মের উদ্যোক্তা তৈরিতে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।

চেয়ারম্যান ইকবাল আহমেদ বলেন, ইউকেবিসিসিআই কেবল একটি ব্যবসায়িক সংগঠন নয়, বরং ব্রিটেনে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম। তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ এবং তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

সংবর্ধনার জবাবে মেয়র লুৎফুর রহমান বলেন, ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ীরা যুক্তরাজ্যের অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি বলেন, ইউকেবিসিসিআইয়ের মতো সংগঠন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা ও ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও কমিউনিটির উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের অবদান তুলে ধরে এমপি এম নাসের রহমান বলেন, বিদেশে অবস্থান করেও প্রবাসীরা দেশের উন্নয়নের অন্যতম অংশীদার। তিনি বাংলাদেশে বিনিয়োগ ও নতুন ব্যবসায়িক উদ্যোগে প্রবাসীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ মোহাম্মদ বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, অবকাঠামো, শিল্প ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে এখন বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। তিনি প্রবাসী উদ্যোক্তাদের সেই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন, চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার ফর ফাইন্যান্স আবু তালহা চৌধুরী। বক্তারা প্রবাসী বাংলাদেশিদের সাফল্য, সম্ভাবনা এবং ব্যবসা-বাণিজ্যে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়রের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মোহাম্মদ জুবায়ের, ক্যাবিনেট মেম্বার ফর বিজনেস অ্যান্ড স্কিলস কাউন্সিলর সোনালি মিয়া, ইউকেবিসিসিআই'র সাবেক প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নুরু, বিভিন্ন আঞ্চলিক সভাপতি, পরিচালক এবং সংগঠনের সদস্যরা।

শেষে সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ কিউ খালিক (জামাল) ধন্যবাদ জ্ঞাপন করেন। আনুষ্ঠানিকতা শেষে নৈশভোজ ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উৎসবমুখর পরিবেশে ব্যবসায়ী, কমিউনিটি নেতা ও অতিথিরা পারস্পরিক মতবিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।