ব্রিটেন সংবাদ

খরা ও তাপপ্রবাহে ব্রিটেনে কয়েক মাসের মধ্যেই খাদ্য সংকটের আশঙ্কা

খরা ও তাপপ্রবাহে ব্রিটেনে কয়েক মাসের মধ্যেই খাদ্য সংকটের আশঙ্কা

ভয়েস অব পিপল রিপোর্ট, ২৩ আগস্ট:

চলতি গ্রীষ্মের দীর্ঘ তাপপ্রবাহ ও খরার কারণে ফসল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী কয়েক মাসের মধ্যেই ব্রিটেনে খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির কৃষকরা।

কৃষি খাতের সংশ্লিষ্টদের মতে, এবারের দুর্বল ফলনের কারণে অনেক কৃষক আর্থিক সংকটে পড়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে যে, আগামী মৌসুমের ফসলের বীজ বপন ও উৎপাদন খরচ বহনের মতো অর্থও তাদের হাতে থাকবে না।

এর ফলে শুধু চলতি বছরের খাদ্য সরবরাহ নয়, আগামী বছরের উৎপাদনও অনিশ্চয়তার মুখে পড়তে পারে। কৃষকদের আশঙ্কা, একের পর এক খারাপ মৌসুম অব্যাহত থাকলে ব্রিটেনের খাদ্য নিরাপত্তায় বড় ধরনের চাপ সৃষ্টি হবে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে ব্রিটেনে চরম আবহাওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে। একদিকে দীর্ঘ খরা ও তীব্র গরম, অন্যদিকে হঠাৎ অতিবৃষ্টি—এই অনিশ্চিত আবহাওয়া কৃষি উৎপাদনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

কৃষকদের দাবি, জরুরি সহায়তা ও কার্যকর দীর্ঘমেয়াদি কৃষিনীতি ছাড়া অনেক খামার টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। তাদের সতর্কবার্তা, কৃষকদের উৎপাদন সক্ষমতা কমে গেলে শেষ পর্যন্ত এর প্রভাব পড়বে সাধারণ মানুষের রান্নাঘরে—খাদ্যের দাম বাড়বে এবং কিছু পণ্যের সরবরাহেও ঘাটতি দেখা দিতে পারে।