তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল

দেশে কয়েকটি তুচ্ছ ঘটনা নিয়ে উচ্চ সংঘর্ষ

দেশে কয়েকটি তুচ্ছ ঘটনা নিয়ে উচ্চ সংঘর্ষ

ভয়েস অব পিপল, ২৭ সেপ্টেম্বর :

সামান্য বিষয় নিয়ে শুরু হওয়া বিরোধ অনেক ক্ষেত্রেই থামছে না কথাকাটাকাটিতে। তা গড়াচ্ছে দলবদ্ধ হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ এমনকি হত্যাকাণ্ডে। সাম্প্রতিক কয়েকটি ঘটনা দেখাচ্ছে, ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে কীভাবে বড় ধরনের সহিংসতা ছড়িয়ে পড়ছে।

ভাংতি টাকা না দেওয়ায় মুদি দোকানি খুন

রাজশাহী, ২৬ সেপ্টেম্বর: ভাংতি টাকা না দেওয়াকে কেন্দ্র করে নগরীর রাজপাড়া থানার বাকির মোড়ে মুদি ব্যবসায়ী আবদুল বারী (৪০)কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সন্ধ্যায় চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক তার দোকানে টাকা ভাঙাতে গেলে ভাংতি না থাকায় কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে রাত পৌনে ২টার দিকে ৫০–৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা নিয়ে তার বাড়ির সামনে যায় বলে স্বজনদের অভিযোগ। দোকানে আগুন দেওয়ার পর আবদুল বারীকে কুপিয়ে আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামের সংঘর্ষ

কুমিল্লা, ২৪ সেপ্টেম্বর: আচার খাওয়ার প্রস্তাব দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে মনোহরগঞ্জের হাতীমারা ও নাঙ্গলকোটের পুজকরা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয় সূত্র অনুযায়ী, ২২ সেপ্টেম্বর বাজারে এক নারীকে আচার খাওয়ার কথা বলাকে কেন্দ্র করে তার স্বামীর সঙ্গে আচার বিক্রেতার কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এর জেরে ২৪ সেপ্টেম্বর দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে অন্তত ২০ জন আহত হন; দোকানপাট ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি মহাসড়কে আগুন দিয়ে মোটরসাইকেল পোড়ানোর ঘটনাও ঘটে।

টিউবওয়েলের পানি গড়ানো নিয়ে প্রাণ গেল বৃদ্ধের

ঝিনাইদহ, ১৮ সেপ্টেম্বর: মহেশপুরের শ্রীরামপুর গ্রামে টিউবওয়েলের পানি গড়িয়ে পড়াকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বিরোধে আব্দুল জব্বার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও পরিবারের ভাষ্য, পানি যাওয়াকে কেন্দ্র করে পলাশ ও বিদ্যুতের সঙ্গে জব্বারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পলাশ তাকে কিল-ঘুষি ও লাথি মারেন বলে অভিযোগ। আহত জব্বারকে হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ফুচকা খাওয়ার সময় হাসাহাসি, ছুরিকাঘাতে আহত ৬

ফরিদপুর, ১০ সেপ্টেম্বর: বোয়ালমারী উপজেলা পার্কের সামনে ফুচকা খাওয়ার সময় উচ্চস্বরে হাসাহাসিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি, পরে সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই দলের কিশোর-তরুণদের মধ্যে বিরোধের একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

তুচ্ছ বিরোধে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

গোপালগঞ্জ, ২৪ সেপ্টেম্বর: সদর উপজেলার পুখুরিয়া গ্রামে বাকবিতণ্ডার জেরে জোবায়ের ভূঁইয়া (২২) নামে এক কলেজছাত্রকে লাঠিসোঁটা দিয়ে হামলার অভিযোগ ওঠে। পুলিশ জানায়, তিন দিন আগে প্রতিবেশী গ্রামের সোহেল মোল্লাকে একটি বিষয়ে সতর্ক করেছিলেন জোবায়ের। বৃহস্পতিবার সকালে বাড়ি ফেরার পথে সোহেল ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ। ছেলে রক্ষায় এগিয়ে গিয়ে তার বাবাও আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জোবায়েরের মৃত্যু হয়।

এক হাজার টাকার নোটের ভাংতি নিয়ে টোলপ্লাজায় হামলা

টাঙ্গাইল, ১৯ সেপ্টেম্বর: মির্জাপুরের হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় এক হাজার টাকার নোটের ভাংতি দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে চালক-হেলপারের সঙ্গে টোলকর্মীদের বিরোধ হয়। অভিযোগ, ভাংতি পেতে দেরি হওয়ায় চালক ট্রাক সড়কে দাঁড় করিয়ে দেন। পরে বাকবিতণ্ডার একপর্যায়ে টোলকর্মীদের মারধর করা হয় এবং আরও কয়েকজনকে ডেকে এনে হামলা চালানোর অভিযোগ ওঠে। এতে তিন টোলকর্মী আহত হন। ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেসবুক পোস্টের জেরে নারী নিহত

ভোলা, ১৭ সেপ্টেম্বর: দৌলতখান উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের মধ্যে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মমতাজ বেগম রাসু (৬০) নিহত হয়েছেন বলে অভিযোগ। পরিবারের ভাষ্য, ১৭ সেপ্টেম্বর রাতে নিজ বাড়িতে তাকে মারধর করে আহত করা হয়। পরে রাতেই তার মৃত্যু হয়। ঘটনায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা হয়েছে এবং পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

মেয়ের ফেসবুক স্ট্যাটাসের জেরে বাবাকে পিটিয়ে হত্যা

রাজবাড়ী, ২৫ সেপ্টেম্বর: কালুখালীর বোয়ালিয়া গ্রামে মেয়ের দেওয়া ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশী পরিবারের সঙ্গে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ইমান সরদার ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধের পর সকালে হামলা হয়। ইট ও লাঠির আঘাতে নজরুল নিহত হন; তার স্ত্রী ও মেয়েও আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লাঠি উদ্ধার করে এবং গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে।