ইংল্যান্ডে বেসরকারি ভাড়ার ঘর ঠিকভাবে বাসযোগ্য করার সময় ২০৩৫ পর্যন্ত পিছিয়েছে
ভয়েস অব পিপল ডেস্ক, লন্ডন, ২৮ জানুয়ারি ২০২৬ : ইংল্যান্ডে বেসরকারি ভাড়াবাসগুলোকে বসবাসযোগ্য মানে উন্নীত করার সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে আরও প্রায় এক দশক সময় লাগবে। নতুন সময়সূচি অনুযায়ী, বাড়িওয়ালাদের ২০৩৫ সাল পর্যন্ত সময় দেওয়া হচ্ছে ‘ডিসেন্ট হোমস স্ট্যান্ডার্ড’ (ডিএইচএস) কার্যকর করার জন্য। এই সিদ্ধান্তকে ভাড়াটিয়া অধিকারকর্মীরা “অযৌক্তিক” বলে আখ্যা দিয়েছেন।
সরকার এর আগে ঘোষণা দিয়েছিল, জরাজীর্ণ অবস্থা, স্যাঁতসেঁতে পরিবেশ ও জ্বালানি অদক্ষতার মতো সমস্যার বিরুদ্ধে লড়তে বেসরকারি ভাড়াবাস খাতে শক্তিশালী মানদণ্ড চালু করা হবে। বুধবার সরকার পুনরায় জানায়, তারা বেসরকারি ভাড়াটিয়াদের জন্য নতুন ডিএইচএস চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে দীর্ঘ বিলম্বে ভাড়াটিয়া সংগঠনগুলো তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
জেনারেশন রেন্টের প্রধান নির্বাহী বেন টুমি বলেন, “পুরো এক দশক ধরে বাড়িওয়ালাদের গড়িমসি করার সুযোগ দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। এর ফলে ভাড়াটিয়াদের ঘরের ন্যূনতম মান থেকেও বঞ্চিত করা হবে। এর অর্থ হলো, শিশুসহ লাখো মানুষ নিম্নমানের ঘরে আটকে থাকবে, যেখানে যাওয়ার মতো আর কোনো পথ থাকবে না।”
তিনি আরও বলেন, “ঘরই আমাদের জীবনের ভিত্তি। অথচ কোটি ভাড়াটিয়া এমন ঘরে বাস করছে, যেগুলো ভেঙে পড়ছে এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। মাসে মাসে ভাড়া বাড়লেও আমরা যে সেবা পাচ্ছি, তা অর্থের দিক থেকেও ভয়াবহ অপচয়।”
ভাড়াটিয়া অধিকার সংগঠনগুলো ২০৩০ সালের মধ্যে নতুন মানদণ্ড কার্যকর করার দাবি জানিয়ে আসছিল।
ইংলিশ হাউজিং সার্ভের ২০২০-২১ সালের তথ্যমতে, ইংল্যান্ডের বেসরকারি ভাড়াবাসের ২১ শতাংশই ডিএইচএস পূরণ করে না। এর মধ্যে ১২ শতাংশ বাড়িতে রয়েছে ‘ক্যাটাগরি ১ হ্যাজার্ড’, অর্থাৎ গুরুতর নিরাপত্তা ঝুঁকি।
হেলথ ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী, প্রতি পাঁচটি বেসরকারি ভাড়াবাসের একটি ‘নন-ডিসেন্ট’ হিসেবে চিহ্নিত, অর্থাৎ সেগুলোতে স্বাস্থ্যঝুঁকি রয়েছে, জরুরি মেরামতের প্রয়োজন, অথবা পর্যাপ্ত তাপ নিরোধক ও উত্তাপের ব্যবস্থা নেই।
উল্লেখ্য, সামাজিক ভাড়াবাস খাতে ২০০১ সালে ডিএইচএস চালু করা হয়েছিল এবং ২০১০ সালের মধ্যে তা বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়, যদিও কিছু কাউন্সিল পরে সময় বাড়ানোর আবেদন করেছিল।
হাউজিং মন্ত্রী ম্যাথিউ পেনিকুক এর আগে বলেছেন, রেন্টার্স রাইটস অ্যাক্টের অংশ হিসেবে প্রস্তাবিত ২০৩৫ সালের সময়সীমা সামাজিক ভাড়াবাস খাতে ডিএইচএস চালুর সময়কার নয় বছরের বাস্তবায়ন প্রক্রিয়ার সঙ্গে “সামঞ্জস্যপূর্ণ”। তবে ভাড়াটিয়া অধিকারকর্মীদের মতে, বর্তমান আবাসন সংকটের বাস্তবতায় এত দীর্ঘ বিলম্ব ভাড়াটিয়াদের প্রতি চরম অবহেলা।