যুক্তরাজ্যে শরণার্থীদের জন্য খুলছে নতুন বৈধ পথ, স্পনসর হতে পারবে বিশ্ববিদ্যালয় ও কমিউনিটি সংগঠন

যুক্তরাজ্যে শরণার্থীদের জন্য খুলছে নতুন বৈধ পথ, স্পনসর হতে পারবে বিশ্ববিদ্যালয় ও কমিউনিটি সংগঠন

ভয়েস অব পিপল রিপোর্ট, ২৮ জুন:

যুদ্ধ, নির্যাতন ও মানবিক সংকট থেকে পালিয়ে আসা প্রকৃত শরণার্থীদের জন্য নতুন নিরাপদ ও বৈধ প্রবেশপথ চালু করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। নতুন এই উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয়, কমিউনিটি সংগঠন এবং কিছু ব্যবসাপ্রতিষ্ঠান নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে শরণার্থীদের স্পনসর করে যুক্তরাজ্যে আনার সুযোগ পাবে।

সরকার জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে এই কর্মসূচি ধাপে ধাপে চালু হবে। এটি কানাডার কমিউনিটি স্পনসরশিপ মডেলের আদলে তৈরি করা হয়েছে। শুরুতে সীমিত সংখ্যক আবেদনকারীকে সুযোগ দেওয়া হলেও পরবর্তী সময়ে কর্মসূচির পরিধি বাড়ানো হতে পারে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা-সংশ্লিষ্ট স্পনসরশিপের মাধ্যমে শরণার্থীদের যুক্তরাজ্যে আনার আবেদন করতে পারবে। পাশাপাশি কমিউনিটি সংগঠনগুলোও পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। আগামী বছর শরণার্থীদের জন্য পৃথক কর্মসংস্থানভিত্তিক ভিসা চালুরও পরিকল্পনা রয়েছে, যাতে নিয়োগকর্তারা প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন শরণার্থীদের সরাসরি স্পনসর করতে পারবেন।

হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বলেছেন, যুক্তরাজ্য সবসময় প্রকৃত শরণার্থীদের নিরাপদ আশ্রয় দেওয়ার ঐতিহ্য বজায় রেখেছে। তবে একই সঙ্গে আশ্রয় ব্যবস্থার অপব্যবহার রোধ করাও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এজন্য নতুন কর্মসূচির পাশাপাশি আশ্রয় আবেদন, মানবাধিকার আইন এবং আধুনিক দাসত্বসংক্রান্ত আইনের কিছু বিধানেও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারের আশা, বৈধ ও নিরাপদ পথ সম্প্রসারণের মাধ্যমে অবৈধভাবে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার প্রবণতা কমবে এবং সত্যিকারের শরণার্থীরা নিয়মতান্ত্রিক উপায়ে সুরক্ষা পাওয়ার সুযোগ পাবেন।