ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি
চাঁদার দাবিতে বিএনপি নেতার ওপর আওয়ামী লীগ নেতার হামলা !
বাংলাদেশ প্রতিনিধি, ২৮ জুন :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চাঁদা দাবি করে তা না পেয়ে এক বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। হামলায় আহত হয়েছেন কামারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনা মিয়াসহ আরও কয়েকজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, সোনা মিয়া তার নিজস্ব পুকুর খননের মাটি একটি নির্মাণাধীন সড়কের কাজে সরবরাহ করছিলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক ও তার সহযোগীরা চাঁদা দাবি করেন বলে অভিযোগ। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। এতে সোনা মিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
হাসপাতালে চিকিৎসাধীন সোনা মিয়া দাবি করেন, কোনো ধরনের অবৈধ অর্থ দিতে রাজি না হওয়ায় তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আব্দুল খালেকের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।