‘‘দেশ থেকে দেশান্তরে, ভয়েস অব পিপল সবার ঘরে’’

ব্রিটেনে হাসপাতালে প্রয়োজনীয় ওষুধের সংকট, উদ্বেগে NHS

ব্রিটেনে হাসপাতালে প্রয়োজনীয় ওষুধের সংকট, উদ্বেগে NHS

ভয়েস অব পিপল রিপোর্ট, ২৯ সেপ্টেম্বর :

ইংল্যান্ডের বিভিন্ন NHS হাসপাতালে সাধারণ ও বহুল ব্যবহৃত কিছু ওষুধের সরবরাহে বড় ধরনের ঘাটতির তথ্য সামনে এসেছে। এর মধ্যে রয়েছে অ্যাসপিরিন, কো-কোডামল এবং রামিপ্রিল—যার একটি ব্যথা ও জ্বরের চিকিৎসায়, একটি ব্যথানাশক হিসেবে এবং রামিপ্রিল উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক ড. রোডলফো ক্যাটেনার Freedom of Information আবেদনের মাধ্যমে ১৮৪টি NHS ট্রাস্টের কাছে তথ্য চেয়েছিলেন। এর মধ্যে ৬০টি ট্রাস্ট উত্তর দিয়েছে। উত্তর দেওয়া ট্রাস্টগুলোর মধ্যে অ্যাসপিরিন সরবরাহে সমস্যা জানিয়েছে ৬২ শতাংশ। কো-কোডামল ও রামিপ্রিলের ক্ষেত্রেও বিভিন্ন এলাকায় দীর্ঘস্থায়ী ঘাটতির কথা জানা গেছে; কোনো কোনো হাসপাতালে সমস্যা প্রায় ১০ মাস পর্যন্ত চলেছে।

সরবরাহ সংকটের পেছনে আন্তর্জাতিক সরবরাহব্যবস্থার দুর্বলতা, বাণিজ্যিক বিরোধ, বৈশ্বিক সংঘাত এবং উৎপাদনসংক্রান্ত সমস্যার কথা উঠে এসেছে। NHS England বর্তমানে ওষুধের ঘাটতিকে ‘মাঝারি’ ঝুঁকি হিসেবে বিবেচনা করছে। তবে গবেষক ড. ক্যাটেনা মনে করেন, প্রকৃত পরিস্থিতি বোঝার জন্য প্রতিটি NHS ট্রাস্টে ওষুধের ঘাটতি বাধ্যতামূলকভাবে রিপোর্ট করার ব্যবস্থা থাকা প্রয়োজন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সরবরাহকারীদের সঙ্গে কাজ করে ঘাটতি মোকাবিলার চেষ্টা চলছে এবং সীমিত সরবরাহ ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় প্রোটোকলও জারি করা হয়েছে।

ভয়েস অব পিপল-এর কথা:
রোগীর চিকিৎসায় ব্যবহৃত সাধারণ ওষুধের সরবরাহেও যদি দীর্ঘস্থায়ী সমস্যা দেখা দেয়, তাহলে বিষয়টি শুধু হাসপাতালের ব্যবস্থাপনার নয়—জাতীয় স্বাস্থ্যব্যবস্থার সরবরাহ নিরাপত্তার সঙ্গেও যুক্ত। NHS-এ কোথায় কোন ওষুধের ঘাটতি রয়েছে, তা আরও স্বচ্ছভাবে প্রকাশ করা প্রয়োজন।