‘‘দেশ থেকে দেশান্তরে, ভয়েস অব পিপল সবার ঘরে’’
৫ বছর পূর্ণ হতে যাওয়া অভিবাসীদের ILR কী হবে, মিলছে নমনীয়তার ইঙ্গিত
ভয়েস অব পিপল রিপোর্ট, ২৯ সেপ্টেম্বর :
ব্রিটেনে স্থায়ী বসবাসের অনুমতি বা ইনডেফিনিট লিভ টু রেইমেইন (ILR) পাওয়ার নিয়মে বড় পরিবর্তনের প্রস্তাব নিয়ে উদ্বেগের মধ্যে কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তবে নতুন নিয়ম এখনো চূড়ান্ত হয়নি।
সরকারের প্রস্তাবিত ‘আর্নড সেটেলমেন্ট’ ব্যবস্থায় অধিকাংশ অভিবাসীর জন্য বর্তমান পাঁচ বছরের পরিবর্তে সাধারণভাবে ১০ বছর বৈধভাবে বসবাসের পর ILR-এর যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা রয়েছে। তবে ইতোমধ্যে ব্রিটেনে থাকা এবং পাঁচ বছরের নিয়ম অনুযায়ী ILR-এর পথে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কীভাবে নতুন নিয়ম কার্যকর হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত ট্রানজিশনাল ব্যবস্থা ঘোষণা করা হয়নি।
Labour Party-এর অভ্যন্তরে প্রস্তাবটি নিয়ে চাপের মধ্যেই মাহমুদ বলেছেন, চূড়ান্ত ব্যবস্থা নির্ধারণের সময় অভিবাসী ও ব্রিটিশ নাগরিক—উভয়ের জন্য ন্যায্যতার বিষয়টি বিবেচনা করা হবে। ফলে পাঁচ বছর পূর্ণ হতে যাওয়া অভিবাসীদের ক্ষেত্রে সরকার কী ধরনের ব্যবস্থা নেয়, সেটিই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নতুন ব্যবস্থায় অর্থনৈতিক অবদান, আয়, ইংরেজি ভাষাজ্ঞান, অপরাধমুক্ত রেকর্ড ও ব্রিটিশ সমাজে অবদানের মতো বিষয় settlement পাওয়ার ক্ষেত্রে বেশি গুরুত্ব পেতে পারে। তবে কোন নিয়ম কখন থেকে এবং কার ওপর কার্যকর হবে, তা চূড়ান্ত নীতিমালা প্রকাশের পরই পরিষ্কার হবে।
এদিকে সরকার আফগান নারী ও মেয়ে এবং ফিলিস্তিনিদের জন্য নিরাপদ ও বৈধভাবে ব্রিটেনে আসার নতুন পুনর্বাসন পথ চালুর পরিকল্পনাও জানিয়েছে। কমিউনিটি স্পনসরশিপের মাধ্যমে শরণার্থীদের পুনর্বাসনের সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—পাঁচ বছর পূর্ণ হওয়ার অপেক্ষায় থাকলে নতুন নিয়ম নিয়ে অনুমানের ওপর নির্ভর না করে Home Office-এর চূড়ান্ত ঘোষণা ও ট্রানজিশনাল নির্দেশনা অনুসরণ করা।