ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি

৫ আগস্ট দিল্লিতে প্রকাশ্যে বক্তব্য দেবেন শেখ হাসিনা

৫ আগস্ট দিল্লিতে প্রকাশ্যে বক্তব্য দেবেন শেখ হাসিনা

ভারত প্রতিনিধি, ৩ আগস্ট: প্রায় দুই বছর জনসম্মুখের বাইরে থাকার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য দিতে যাচ্ছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছাড়ার পর এটিই হবে তার প্রথম প্রকাশ্য উপস্থিতি বলে জানা গেছে।

ভারতের ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, নিজের অবস্থান এবং দেশে ফেরার সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখতে পারেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানটি ৫ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নয়াদিল্লির মথুরা রোডে অবস্থিত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মেও সরাসরি সম্প্রচার করা হবে।

অনুষ্ঠানে শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ছাড়াও কয়েকজন সাবেক মন্ত্রী, কূটনীতিক, রাজনৈতিক বিশ্লেষক এবং বিভিন্ন পেশার আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকার কথা রয়েছে। সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসানসহ আরও কয়েকজন আলোচনায় অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক সংকটের মধ্যে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছাড়েন এবং পরে ভারতে যান। এরপর থেকে তিনি প্রকাশ্য কোনো রাজনৈতিক অনুষ্ঠান বা সংবাদমাধ্যমের মুখোমুখি হননি। যদিও বিভিন্ন সময়ে তার অডিও বার্তা প্রকাশিত হয়েছে, এবারই প্রথম তিনি সরাসরি জনসমক্ষে বক্তব্য দিতে যাচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই উপস্থিতি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাজনীতির আলোচনায় নতুন মাত্রা যোগ করতে পারে। তবে তিনি বক্তব্যে কী বার্তা দেবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।