টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচল বন্ধ, আসছে কড়াকড়ি নিবন্ধন ব্যবস্থা
সিলেট প্রতিনিধি, ৩ আগস্ট:
সিলেট প্রতিনিধি, ৩ আগস্ট:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বড় ধরনের পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকার ভেতরে সব ধরনের পর্যটকবাহী হাউসবোট ও নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে হাওরে চলাচলকারী সব হাউসবোটকে ১০ আগস্টের মধ্যে বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাঙ্গুয়ার হাওরের পরিবেশগত ভারসাম্য রক্ষা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনিয়ন্ত্রিত নৌযান চলাচল নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোনো হাউসবোট পরিচালনা করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করতে হবে।

পরিবেশ দূষণ রোধে হাউসবোটে উচ্চস্বরে গান, মাইক কিংবা ডিজে পার্টির আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন করা যাবে না এবং হাওরে কোনো ধরনের বর্জ্য ফেলা নিষিদ্ধ থাকবে। প্রতিটি হাউসবোটে সেপটিক ট্যাংক, অন্তত দুটি ডাস্টবিন ও বিশুদ্ধ পানির ফিল্টার রাখাও বাধ্যতামূলক করা হয়েছে।
নিরাপত্তার বিষয়েও আরোপ করা হয়েছে একাধিক শর্ত। প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফবয়, অগ্নিনির্বাপক যন্ত্র এবং নিরাপদভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহারের ব্যবস্থা রাখতে হবে। হাউসবোটের সর্বোচ্চ দৈর্ঘ্য ১০০ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
পর্যটকদের জন্য করণীয় ও বর্জনীয় আচরণবিধি দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে এবং ভ্রমণ শুরুর আগে তা জানিয়ে দিতে হবে। পাশাপাশি জরুরি প্রয়োজনে প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতালের যোগাযোগ নম্বর নৌযানে সংরক্ষিত রাখতে হবে।
জেলা প্রশাসন আরও জানিয়েছে, ঝড়, বজ্রপাত, প্রবল বৃষ্টি বা অন্য কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন ও নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। হাওরের পরিবেশ সংরক্ষণে জারি করা এসব নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং নিয়মিত তদারকি করা হবে।
পূর্ববর্তী সংবাদ