ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ পুলিশের

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ পুলিশের

বাংলাদেশ প্রতিনিধি, ৪ আগস্ট: বাগেরহাটের কচুয়া উপজেলায় একটি বসতঘর থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়ায় প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামের একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২৫), তার মা মনিরা বেগম (৬০) এবং মনিরার মা রাশিদা বেগম (৯৩)।

পুলিশ জানায়, মরদেহগুলোর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। দীর্ঘ সময় পড়ে থাকায় মরদেহে পচন ধরেছিল। ধারণা করা হচ্ছে, এক থেকে দুই দিন আগে তাদের হত্যা করা হতে পারে।

স্থানীয়রা জানান, বাড়িটি মূল সড়ক থেকে কিছুটা ভেতরে হওয়ায় এবং সেখানে মানুষের চলাচল কম থাকায় বিষয়টি দেরিতে নজরে আসে। পরে বাড়ির বারান্দায় এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করে।

কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হাসান স্থানীয়দের বরাতে জানান, বাড়িটিতে লোকজনের আনাগোনা কম থাকায় ঘটনা আগে জানা যায়নি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। বিস্তারিত জানতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।