‘‘দেশ থেকে দেশান্তরে, ভয়েস অব পিপল সবার ঘরে’’

বাংলাদেশে সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ জনের মৃত্যু, আহত ৬৭৪

বাংলাদেশে সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ জনের মৃত্যু,  আহত ৬৭৪

নিজস্ব প্রতিবেদক, ৪ অক্টোবর: সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪২৩ জন নিহত এবং ৬৭৪ জন আহত হয়েছেন। অর্থাৎ গত মাসে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিহতদের মধ্যে ৭৩ জন নারী ও ৬১ জন শিশু।

সেপ্টেম্বরে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। ১৫৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া ১০৬ জন পথচারী নিহত হয়েছেন।

দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে আঞ্চলিক সড়কে। এসব সড়কে ১৭৮টি দুর্ঘটনা হয়েছে। জাতীয় মহাসড়কে ১৪৫টি, শহরের সড়কে ৬৩টি এবং গ্রামীণ সড়কে ৫৬টি দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার বড় কারণ ছিল যানবাহনের নিয়ন্ত্রণ হারানো। সেপ্টেম্বরে এমন ১৬৮টি দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া ৯৮টি মুখোমুখি সংঘর্ষ এবং ১০৯টি পথচারীকে চাপা বা ধাক্কার ঘটনা ঘটেছে।

বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ১৩২টি দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন গাজীপুরে—৩৮ জন। সিলেট বিভাগে ২০টি দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন।

রাজধানী ঢাকায় সেপ্টেম্বরে ৫২টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন।

এ ছাড়া সেপ্টেম্বরে ১১টি নৌ দুর্ঘটনায় ১৬ জন নিহত, সাতজন আহত এবং চারজন নিখোঁজ হয়েছেন। একই সময়ে ২৩টি রেল দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, অতিরিক্ত গতি, বেপরোয়া গাড়ি চালানো, চালকদের অদক্ষতা, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক এবং ট্রাফিক আইন না মানার কারণে দুর্ঘটনা বাড়ছে। দুর্ঘটনা কমাতে গাড়ির গতি নিয়ন্ত্রণ, চালকদের প্রশিক্ষণ এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।