ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি
গণভবনের স্মৃতিতে নতুন অধ্যায়, উদ্বোধনে পাশাপাশি তারেক–ইউনূস
বাংলাদেশ প্রতিনিধি, ৫ আগস্ট: জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই সময়ের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে প্রতিষ্ঠিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সরকার জানিয়েছে, উদ্বোধনের পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এর আগে সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। দর্শনার্থীদের অনলাইনে নিবন্ধনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হবে।
জাদুঘরটিতে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে বিভিন্ন তথ্য, আলোকচিত্র, নথিপত্র ও স্মারক সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি গুম, নির্যাতন এবং আন্দোলনে নিহতদের স্মৃতিচিহ্ন, গণভবন থেকে উদ্ধার করা বিভিন্ন ঐতিহাসিক উপকরণ ও শিল্পকর্মও প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।
এ ছাড়া দর্শনার্থীদের জন্য লেকসংবলিত উন্মুক্ত এলাকা, ফুডকোর্ট, প্রার্থনাকক্ষ, স্যুভেনির শপ এবং ২২টি সেল নিয়ে নির্মিত প্রতীকী ‘আয়নাঘর’ কাঠামোও জাদুঘরের অংশ হিসেবে রাখা হয়েছে।
সরকারের ভাষ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এই জাদুঘর চালুর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এর উদ্বোধন করা হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। সেই ঘটনাপ্রবাহের বিভিন্ন দিক সংরক্ষণ ও উপস্থাপনের লক্ষ্যেই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।