ইরান যুদ্ধকে ‘ঈশ্বরের পরিকল্পনা’ বলা হচ্ছে—মার্কিন সেনাবাহিনীর কমান্ডারদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ইরান যুদ্ধকে ‘ঈশ্বরের পরিকল্পনা’ বলা হচ্ছে—মার্কিন সেনাবাহিনীর কমান্ডারদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বিশ্ব সংবাদ ডেস্ক, ৬ মার্চ: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানকে ‘ঈশ্বরের পরিকল্পনা’ এবং বাইবেলে বর্ণিত ‘শেষ সময়ের যুদ্ধ’ হিসেবে মার্কিন সেনাদের সামনে তুলে ধরা হচ্ছে—এমন অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কিছু উচ্চপদস্থ কমান্ডারের বিরুদ্ধে। বিষয়টি সামনে এনেছে মার্কিনভিত্তিক নজরদারি সংস্থা মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন (এমআরএফএফ)।

সংস্থাটি জানিয়েছে, মার্কিন মেরিন কর্পস, বিমান বাহিনী ও স্পেস ফোর্সসহ বিভিন্ন শাখা থেকে তারা ২০০টিরও বেশি অভিযোগ পেয়েছে। এসব অভিযোগে বলা হয়েছে, কিছু কমান্ডার ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের যৌক্তিকতা বোঝাতে সেনাদের সামনে বাইবেলের উদ্ধৃতি ব্যবহার করছেন এবং সংঘাতকে ধর্মীয় আকারে ব্যাখ্যা করছেন। মার্কিন সেনাদের একটি অংশ দাবি করেছে, কিছু সামরিক কমান্ডার সৈন্যদের বলেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “যিশুর মনোনীত নেতা” এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ নাকি ঈশ্বরের পরিকল্পনার অংশ।

একজন নন-কমিশন্ড অফিসার (এনসিও) অভিযোগে উল্লেখ করেন, তাদের ইউনিটকে যেকোনো সময় ইরানে মোতায়েন করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে কমান্ডারদের পক্ষ থেকে বলা হচ্ছে—এই যুদ্ধ নাকি “ঈশ্বরের পরিকল্পনার অংশ”। এমনকি দাবি করা হয়েছে, যিশু খ্রিস্টের পুনরাগমন এবং আর্মাগেডন নামে পরিচিত মহাযুদ্ধের পথ তৈরি করতেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করা হয়েছিল।

আরও একটি অভিযোগে ১৫ জন সেনা জানান, তাদের কমান্ডার বাইবেলের বুক অব রেভুলেশন থেকে উদ্ধৃতি দিয়ে যুদ্ধকে ধর্মীয় ব্যাখ্যার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছেন। এতে সেনাদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীদের মধ্যে শুধু খ্রিস্টান নন, মুসলিম ও ইহুদি ধর্মাবলম্বী সেনারাও রয়েছেন। তারা বলছেন, সামরিক দায়িত্বের সঙ্গে ধর্মীয় মতাদর্শ জড়িয়ে দেওয়া সেনাবাহিনীর পেশাদার কাঠামোর জন্য উদ্বেগজনক।

এমআরএফএফের প্রেসিডেন্ট ও মার্কিন বিমান বাহিনীর সাবেক সদস্য মাইকি ওয়াইনস্টাইন বলেন, সামরিক বাহিনীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা সাধারণ কর্মক্ষেত্রের মতো সহজ নয়। সেখানে আদেশ অমান্য করা বা সমালোচনা করা অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

তিনি আরও বলেন, সেনাদের সামনে যুদ্ধকে ধর্মীয় ভাষায় ব্যাখ্যা করা যুক্তরাষ্ট্রের সংবিধানে উল্লেখিত চার্চ ও রাষ্ট্রের পৃথকীকরণের নীতির সুস্পষ্ট লঙ্ঘন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ খ্রিস্টান জাতীয়তাবাদী মতাদর্শের সমর্থক হিসেবে পরিচিত। তার বিশ্বাসের মধ্যে সমকামিতার জন্য কঠোর শাস্তি এবং শক্ত পিতৃতান্ত্রিক সামাজিক কাঠামোর পক্ষে অবস্থান রয়েছে বলে সমালোচকরা দাবি করেন। পাশাপাশি তিনি নারীদের সামরিক নেতৃত্ব বা সম্মুখযুদ্ধে অংশগ্রহণের বিষয়েও আপত্তি জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে এসব গুরুতর অভিযোগের বিষয়ে পেন্টাগনের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তারা সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে ইরান সম্পর্কিত সামরিক অবস্থান নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর কয়েকটি প্রকাশ্য ভিডিও বক্তব্য শেয়ার করেছে বলে জানা গেছে।