রিকশা চালকের ঘুষিতে প্রাণ গেলো ৫০ বছর বয়স্ক যুবদল নেতা বেল্লাল মিশরীর
বাংলাদেশ প্রতিনিধি, ৬ মার্চ: লক্ষ্মীপুরের রায়পুরে দুই রিকশা চালকের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা বেল্লাল হোসেন মিশরী (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে এই ঘটনা ঘটে।
নিহত বেল্লাল রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি এবং পেশায় ব্যবসায়ী ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রিকশা দাঁড় করানো নিয়ে আরমান নামের একজন রিকশা চালক ও বৃদ্ধ কবির মোহরির মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় বেল্লাল ঘটনাস্থলে পৌঁছে মারামারি বন্ধ করার চেষ্টা করেন।
তবে ক্ষিপ্ত আরমান বেল্লালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। গুরুতর আহত বেল্লালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পথেই তিনি মারা যান।
নিহতের ছোট ভাই হেলাল হোসেন অভিযোগ করেন, “আমার ভাইকে হত্যা করা হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
অভিযুক্ত আরমান পালিয়ে গেছে। উত্তেজিত স্থানীয়রা বিকেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। পুলিশ জানায়, আরমান রায়পুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের শাহ আলম বয়াতির ছেলে এবং পেশায় রিকশা চালক।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, “নিহতের পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্তাধীন।”