বাংলাদেশ সংবাদ

প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা, এবার বাস্তব পদক্ষেপ : প্রবাস প্রতিমন্ত্রী

প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা, এবার বাস্তব পদক্ষেপ : প্রবাস প্রতিমন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধি, ৭ সেপ্টেম্বর:

প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা চিহ্নিত করে তা সমাধানে গবেষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, বিদেশে কর্মসংস্থানের পাশাপাশি প্রবাসীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।

রোববার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে দেওয়া মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরবে থাকা বাংলাদেশি কর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে নোটিশটি দেন।

নোটিশে প্রবাসীদের ই-পাসপোর্ট জটিলতা, সৌদি আরবে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, দালালদের প্রতারণা, দক্ষ জনশক্তি তৈরি, মেডিকেল পরীক্ষায় অনিয়ম, বিএমইটির দুর্নীতি, অবৈধ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং দূতাবাস থেকে সরাসরি সহায়তার বিষয়গুলো তুলে ধরা হয়। অসুস্থ ও মৃত প্রবাসীদের সরকারি সহায়তার বিষয়টিও এতে গুরুত্ব পায়।

জবাবে নুরুল হক নুর বলেন, প্রবাসীদের সমস্যাগুলো বাস্তব এবং এগুলো অস্বীকার করার সুযোগ নেই। সমস্যাগুলো চিহ্নিত করতে তাঁকে স্টাডি ও গবেষণা করতে হয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি তাঁদের নিরাপত্তা, অধিকার ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রবাসীদের কর্মসংস্থান ও কল্যাণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারের এই উদ্যোগ বাস্তবে কতটা কার্যকর হয়, সেটিই এখন প্রবাসীদের কাছে বড় প্রশ্ন। কারণ বিদেশে যাওয়ার আগে দালালচক্রের প্রতারণা থেকে শুরু করে কর্মস্থলে নির্যাতন, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং বিদেশে বিপদে পড়লে দূতাবাসের সহায়তা পাওয়ার মতো বিষয়গুলো দীর্ঘদিন ধরেই প্রবাসীদের উদ্বেগের কারণ হয়ে আছে।

প্রবাসীদের সমস্যা নিয়ে গবেষণার ফলাফল যদি কার্যকর নীতিমালা ও দ্রুত সেবা ব্যবস্থায় রূপ নেয়, তাহলে বিদেশগামী কর্মী ও প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের অনেক ভোগান্তি কমতে পারে বলে সংশ্লিষ্টদের আশা।