বাংলাদেশ সংবাদ

দেশে নিখোঁজ ২ হাজার ৩৮ শিশু, রাষ্ট্রীয় উদ্যোগ চান স্বজনরা

দেশে নিখোঁজ ২ হাজার ৩৮ শিশু, রাষ্ট্রীয় উদ্যোগ চান স্বজনরা

নিজস্ব প্রতিবেদক, ৭ সেপ্টেম্বর: 

দেশে চলতি বছরের জুলাই পর্যন্ত নিখোঁজ হওয়া ১৫ হাজার ৭১৭ শিশুর মধ্যে এখনো সন্ধান মেলেনি ২ হাজার ৩৮ জনের। নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধার, নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং দীর্ঘদিনের অমীমাংসিত ঘটনাগুলোর পুনঃতদন্তের দাবি জানিয়েছেন স্বজনরা।

রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘আমার সন্তান কোথায়’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪০টি নিখোঁজ শিশুর পরিবার এতে অংশ নেয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালে শিশু নিখোঁজের ঘটনায় ১৭ হাজার ৮০৮টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছিল। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ২৯ হাজার ৫০০-তে। চলতি বছরের প্রথম সাত মাসেই নিখোঁজ সংক্রান্ত জিডি হয়েছে ১৫ হাজার ৭১৭টি।

পুলিশের তথ্য অনুযায়ী, এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ প্রায় ১৩ শতাংশ শিশু। স্বজনদের অভিযোগ, বহু পরিবার বছরের পর বছর আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও সন্তানের সন্ধান পাচ্ছে না।

নিখোঁজ শিশু উদ্ধারে সমন্বিত রাষ্ট্রীয় ব্যবস্থা, পুরোনো ঘটনাগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং শিশু পাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।

এদিকে ২০২৪ সালে শিশু মুনতাহা নিখোঁজ ও হত্যার ঘটনার পর দাবির পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৩ জানুয়ারি ‘মুন অ্যালার্ট’ ব্যবস্থা ও টোল-ফ্রি হেল্পলাইন ১৩২১৯ চালু হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

স্বজনদের বক্তব্য, নিখোঁজের পর দ্রুততম সময়ে তথ্য ছড়িয়ে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান জোরদার করা গেলে অনেক শিশুকে দ্রুত উদ্ধার করা সম্ভব। এসব দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার কথাও জানান তারা।