জাকসু–গকসুর দুই ভিপিসহ একাধিক ছাত্রনেতার বিএনপি–ছাত্রদলে যোগদান

জাকসু–গকসুর দুই ভিপিসহ একাধিক ছাত্রনেতার বিএনপি–ছাত্রদলে যোগদান

ঢাকা প্রতিনিধি, ৬ ফেব্রুয়ারি:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপিতে যোগ দিয়েছেন। ছাত্রদলের সভাপতি–সেক্রেটারি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। জিতু বলেন, “একটি সুন্দর বাংলাদেশ গড়তে আজ থেকে বিএনপির হয়ে কাজ করব।”

বিএনপি জানায়, জিতুর সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের কয়েকজন নির্বাচিত প্রতিনিধিও ছাত্রদলে যোগ দিয়েছেন। তারা হলেন—ইবনে শিহাব, রিফাত আহমেদ শাকিল, জিএম এম রায়হান কবীর, অমিত বনিক, বুবলী আহমেদ, ফারহানা রিথী, মারুফ হাসান, মাসুদ রানা মিস্টু, শাহরিয়া নাজিম রিয়াদ, শরীফুল ইসলাম, রিপন মণ্ডল।

দিনের শেষে বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ানও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন। রাতে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত গকসু নির্বাচনে ভিপি হিসেবে নির্বাচিত হন মৃদুল।

বিএনপিতে এই ধারাবাহিক যোগদান নিয়ে প্রশ্নও উঠছে

একই দিনে দুই বিশ্ববিদ্যালয়ের ভিপিসহ একাধিক নির্বাচিত ছাত্রনেতার বিএনপি ও ছাত্রদলে যোগদান রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি করেছে।

  • এটি কি গণঅভ্যুত্থান–পরবর্তী ছাত্রসমাজের নতুন রাজনৈতিক ঝোঁক?
  • নাকি নির্বাচনের আগে কৌশলগত শক্তি বাড়ানোর প্রচেষ্টা?

যে কারণই হোক, বিশ্ববিদ্যালয়–নির্বাচিত প্রতিনিধিদের এই ধারাবাহিক যোগদানকে অনেকেই আগামী দিনের রাজনীতির একটি ইঙ্গিত হিসেবে দেখছেন। হয়তো বিভিন্ন দল থেকে নির্বাচিত আরও ভিপি/জিএস বিএনপিতে যোগদান করে ফেলতে পারেন। নির্বাচনের মাত্র ৫/৬ দিন আগে বিএনপিতে যোগদান কি তাহলে আগাম জয়লাভের ইঙ্গিত ?